


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত চার মাসে অন্তত ১০০ জন বাংলাদেশি নাগরিকের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় ভোটার আই কার্ড। যা নিয়ে রীতিমত চিন্তায় নির্বাচন কমিনশন। শুধু তাই নয়, এমন আরও ৭৫০টি ভারতীয় ভোটার কার্ডের তথ্য তলাশ শুরু করছে কমিশন।
মূলত দুই ২৪ পরগনা, নদীয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলার তালিকায় এইসব ভোটারদের নাম নথিভুক্ত ছিল। সূত্রের খবর, কলকাতা, মুম্বই এবং দিল্লির বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় এইসব বাংলাদেশি নাগরিকের কাছে পাসপোর্টের পাশাপাশি ভারতীয় ভোটার কার্ড উদ্ধার হয়। পরে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এরপর সেই সমস্ত ভোটার কার্ডের বিবরণ রাজ্য সিইওর দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে সিইও অফিস সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইওদের বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেয়। তদন্তের পর ওই ভোটার কার্ডগুলি বাতিল করা হয়েছে বলে খবর।
এছাড়াও জানা গিয়েছে, আরও এমন ৭৫০ টি ভোটার কার্ড সম্পর্কে তদন্ত করছে সিইও অফিস। এফআরআরও’র থেকে প্রতি মাসে দফায় দফায় এই ভোটার আই কার্ডগুলি নিয়ে তথ্য এসেছিল। সিইওর অফিসের এক কর্তা জানাচ্ছেন, ‘এই ধরনের অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকি। রাজ্যে যেহেতু এসআইআরের প্রস্তুতি চলছে, তাই এই ধরনের নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।’ শুধু এফএফআরও নয়, সিইও অফিস প্রতিটি জেলাকেই ইতিমধ্যে ভোটার তালিকায় পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের নির্দেশ দিয়ে রেখেছে। সেই অনুযায়ী কাজ চলছে বলেও খবর। বিশেষত সীমান্তবর্তী জেলাগুলিতে বেশি করতে নজরদারির নির্দেশ দিয়েছে কমিশন।