


গ্লাসগো: বৃহস্পতিবার শুরু কমনওয়েলথ গেমস। এবার আসর বসছে স্কটল্যান্ডের গ্লাসগোতে। তবে ভেন্যুতে পৌঁছে মাথায় হাত ভারতীয় বক্সারদের। দেশ থেকে ২২ জন বক্সার আসরে অংশগ্রহণ করবেন। তাঁদের বিমান বেলফাস্ট থেকে গ্লাসগো পৌঁছায়। কিন্তু লাগেজ থেকে যায় বেলফাস্টে। ফলে সমস্যায় পড়েছেন বক্সাররা। কারণ তাতে প্র্যাকটিসের সরঞ্জাম ছাড়াও রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের পোশাক। ফলে বেকায়দায় ভারতীয় বক্সাররা। এদিকে বক্সিংয়ের ইভেন্ট শুরু শুক্রবার। এমন পরিস্থিতিতে উদ্যোক্তাদের বিষয়টি জানিয়েছে ভারতীয় দল। তারা তাড়াতাড়ি বিষয়টি সমাধানের চেষ্টা করছে বলে জানিয়েছে আইওসি।
সমস্যার এখানেই শেষ নয়। মহিলা বক্সিং দলের কোচদের থাকার ব্যবস্থা ভিলেজের বদলে করা হয়েছে হোটেলে। ফলে অনুশীলনের সময় সমস্যায় পড়ছেন পারভিন হুডারা। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেও এই একই সমস্যায় পড়তে হয়েছিল ভারতীয় বক্সিং দলকে। কমনওয়েলথ গেমস থেকে পদকের প্রত্যাশা রয়েছে ভারতীয় বক্সারদের থেকে। তবে এমন সমস্যায় ফোকাস নড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।