


নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ব্যস্ততম রাস্তা হলেও রাজারহাট মেইন রোড ভরে গিয়েছিল খানা-খন্দে। রাস্তার সেইসব অংশে কংক্রিটের ব্লক বসানো হয়েছিল। কিন্তু বৃষ্টির পর একাধিক জায়গায় কংক্রিট ব্লক বসে গিয়েছে। ফলে রাস্তা হয়ে গিয়েছে উঁচু-নিচু। ভারী বৃষ্টি হলে রাস্তায় জমছে জল। অসমান রাস্তায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। বাসিন্দাদের দাবি, রাস্তার বেশিরভাগ অংশ ঠিক রয়েছে। বসে যাওয়া ব্লকগুলি মেরামত করলে সমস্যার সমাধান হবে। তা না হলে বর্ষার পর রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে উঠবে।
চিনারপার্ক থেকে রাজারহাট মেইন রোড হয়ে রাজারহাট চৌমাথা যাওয়ার রাস্তা খারাপ অবস্থায় ছিল। কয়েকমাস আগে তা মেরামত হয়েছে। তবে কিছু জায়গায় কংক্রিটের ব্লক বসে যাওয়ায় সমস্যা শুরু হয়েছে। এলাকায় গিয়ে দেখা গিয়েছে, চৌমাথাগামী লেনে সলুয়া মোড়ের কাছে ট্রাফিক সিগন্যালের কাছেই একটি বড়ো অংশে একাধিক ব্লক বসে গিয়েছে। একদিক বসে যাওয়ায় অন্যদিক উঁচু হয়ে গিয়েছে। স্থানীয় এক যুবক বলেন, দিনের বেলা বোঝা গেলেও সন্ধ্যার পর সঠিকভাবে দেখা যাচ্ছে না। ইতিমধ্যেই এখান দিয়ে রাতে পার হওয়ার সময় কয়েকজন পড়ে গিয়েছেন। তারপর দু’দিন আগে ঠিক করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আবার বসে গিয়েছে।
রেকজোয়ানি মোড় সংলগ্ন এলাকায় গিয়ে দেখা গিয়েছে, কিছু ব্লক বসে গিয়ে তৈরি হয়েছে একই সমস্যা। মাঝের কিছু অংশে জলও জমছে। স্থানীয়দের দাবি, রাস্তার দু’ধারে নিকাশি সংক্রান্ত সমস্যাও আছে। তাই এখন বৃষ্টি হলে রাস্তার ধারে জল জমে যাচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির জেরে কিছু ব্লক বসে গিয়েছে। তবে বেশিরভাগ জায়গা ঠিক অবস্থায় আছে। সাধারণ মানুষের যাতে সমস্যা না হয়, সেই এলাকা চিহ্নিত করে ঠিক করা হবে।