


নয়াদিল্লি, ২৮ জুন: আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছনো ৬৩৪ নম্বর মহাকাশচারী ভারতের নভশ্চর শুভাংশু শুক্লা। গত বৃহস্পতিবার বিকেল ৪টের কিছুটা পরে আন্তর্জাতিক স্পেস স্টেশনে(ভারতীয় সময়) পৌঁছেছেন তিনি। তারপর থেকে সেখানেই নানা পরীক্ষা করছেন, গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছেন। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রেখেছেন শুভাংশু। আজ, শনিবার(ভারতীয় সময়) তাঁর সঙ্গেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুভাংশুকে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, মহাকাশ থেকে পৃথিবী, ভারতকে দেখতে কেমন লাগছে? উত্তরে শুভাংশু জানান,‘ভারতকে সত্যিই খুব দুর্দান্ত দেখাচ্ছে, অনেকটা বড় লাগছে, মানচিত্রে আমরা যা দেখি তার চেয়েও অনেকটাই বড়।’ মোদি, শুভাংশুকে বলেন, ‘আপনার নামেই শুভ রয়েছে, আপনার এই যাত্রাও নতুন যুগের শুভারম্ভ করল। এই মুহূর্তে যখন আমরা কথা বলছি, ১৪০ কোটি ভারতবাসীর অনুভূতি আমার সঙ্গে যুক্ত। আমি এখানে দাঁড়িয়ে প্রতিটি ভারতীয়ের হয়ে প্রতিনিধিত্ব করছি। আপনি আমাদের জাতীয় পতাকা মহাকাশে নিয়ে গিয়েছেন। আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’