


নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: উপনির্বাচন ঘিরে আজ, মঙ্গলবার সকাল থেকে টানটান উত্তেজনা রেজিনগরে। বিভিন্ন স্থানে বুথ দখল, পোলিং এজেন্টদের বসতে না দেওয়া সহ নানা অভিযোগে একযোগে সরব হয়েছে বিরোধীরা। উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। এই পরিস্থিতিতে গোটা বিধানসভায় পুনরায় ভোটের দাবি জানিয়েছে কংগ্রেস। অন্যদিকে, মমতা তৃণমূলের তরফে শতাধিক বুথ দখলের অভিযোগ করে কমিশনে নালিশ জানানো হয়েছে। যদিও মুর্শিদাবাদ জেলা প্রশাসনের দাবি, মোটের উপরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৫৬ শতাংশ।
সংখ্যাতত্ত্বের বিচারে ‘তাৎপর্যহীন’ হলেও নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এর মধ্যে রেজিনগরে দু’লক্ষ ৫৬ হাজার ভোটার নির্ধারণ করবেন ১৪ জন প্রার্থীর ভাগ্য। মোট বুথের সংখ্যা ৩১৫টি। প্রায় প্রতিটি বুথের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানরা।
যদিও ভোটে নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট নয় বিরোধীরা। বিভিন্ন বুথে সকাল থেকে ‘ভোটলুট হচ্ছে’ বলে অভিযোগ করেছেন কংগ্রেস প্রার্থী আবদুল্লাহিল কাফির। এনিয়ে রেজিনগর থানার সামনে এসে ক্ষোভও দেখান তিনি। গোটা বিধানসভায় পুনরায় ভোটের দাবি জানিয়েছেন কংগ্রেস প্রার্থী। এদিকে বহরমপুরে জেলাশাসকের দপ্তরের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন দলের নেতা-কর্মীরা। একই অভিযোগ মমতা তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরীর। শতাধিক বুথ দখলের অভিযোগ তুললেন তিনি। শুধু তাই নয়, পুলিশ বিজেপির হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেছেন রবিউল।
বিরোধীদের সমস্ত দাবি খারিজ করে দিয়েছেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার। তাঁর দাবি, দুর্গাপুজোর প্রাক্কালে সাধারণ মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে। হেরে যাওয়ার ভয়েই বিরোধীরা নানা অভিযোগ তুলছে বলে পালটা দাবি শাখারভের।