


অলকাভ নিয়োগী, বিধাননগর: সল্টলেকে নতুন ঠিকানায় যেতে চলেছে পুলিশ কমিশনারের অফিস। সল্টলেক স্টেডিয়াম চত্বর থেকে সিপি অফিস স্থানান্তর হয়ে যাবে ক্যালকাটা হার্ট ক্লিনিক হাসপাতালের পাশে। সেখানে নতুন ভবন তৈরির কাজ শেষ। বিদ্যুৎ সংযোগ সহ শেষ পর্যায়ের কিছু কাজ বাকি আছে। তা শেষ হলে কয়েকমাসের মধ্যে সেখানে স্থানান্তরিত হবে অফিস। বিধাননগর কমিশনারেটের দাবি, সব ঠিকঠাক থাকলে নির্বাচনের পর স্থানান্তর হয়ে যাবে। বিধাননগর কমিশনারেটে আরও কিছু স্থানের রদবদল হতে চলেছে। সিটি সেন্টার টু’য়ের উল্টোদিকে তৈরি হচ্ছে বাগুইআটি থানার নতুন বিল্ডিং। আর ইতিমধ্যেই নয়া ঠিকানায় চলে গিয়েছে নারায়ণপুর থানা।
উত্তর ২৪ পরগনা জেলা পুলিশের অধীনে ছিল সল্টলেক ও রাজারহাট অংশ। ২০১২ সালে দু’টি জায়গাকে মিলিয়ে পুলিশ কমিশনারেট তৈরি হয়। সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনের তিন নম্বর গেটের পাশে বর্তমানে আছে সিপি অফিস। সেখানে পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, গোয়েন্দা প্রধান সহ একাধিক আধিকারিকদের অফিস। এছাড়াও সল্টলেক করুণময়ী হাউজিংয়ের ভিতর রয়েছে বিধাননগর ডিসি’র অফিস। সল্টলেকে আরও দু’টি জায়গায় রয়েছে এসিপি অফিস। নিউটাউনেও আছে ডিসি এবং এসিপি দপ্তর। সল্টলেকে ক্যালকাটা হার্ট ক্লিনিক হাসপাতাল থেকে খালের দিকে যাওয়ার পথে কলকাতা পুলিশ হাউজিংয়ের আগে নতুন সিপি অফিস তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই বিল্ডিং তৈরির কাজ শেষ হয়েছে। পুলিশ সূত্রে খবর, কবে নতুন ঠিকানায় সিপি অফিস স্থানান্তর হবে তা এখনও চূড়ান্ত হয়নি। সেখানে পুলিশ কমিশনারের অফিস সহ কোন কোন আধিকারিক যাবেন, তার তালিকাও তৈরি হবে। বর্তমানে স্টেডিয়ামের পাশে থাকা সিপি অফিসে হতে পারে বিধাননগর ডিসি’র অফিস। সবকিছুই চূড়ান্ত হবে মাস কয়েক পর।
বর্তমানে যেখানে বাগুইআটি থানা, সেখানে জায়গার অভাব। বিল্ডিংয়েরও অভাব। তাই চিনারপার্ক থেকে কিছুটা এগিয়ে সিটি সেন্টার টু এলাকায় রাস্তার ধারে হচ্ছে নতুন বিল্ডিং। নারায়ণপুর থানা যেখানে ছিল, সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাজারহাট রোডে ডিরোজিও মেমোরিয়াল কলেজের কাছে। একেবারে রাস্তার ধারেই থানা। অন্যদিকে পুরনো নারায়ণপুর থানায় এসিপি রাজারহাটের অফিস করা হয়েছে। এক আধিকারিক বলেন, আরও কিছু রদবদল হতে পারে। তার পরিকল্পনাও রয়েছে। ভবিষ্যতে আরও কিছু বিল্ডিংয়ের প্রোপোজাল তৈরি করা হবে।