


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কুইক রেসপন্স টিমের জন্য ১১২ হেল্প লাইন নম্বর চালু করেছে রাজ্য। কলকাতা পুলিশ নতুন গাড়িও দেওয়া হয়েছে। কিন্তু, খবর দেওয়ার পরেও সেই টিম অনেক জায়গায় দেরিতে পৌঁছাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে এমন অভিযোগ আসছে লালবাজারে।
দেখা গিয়েছে, সেই টিমে বা গাড়িগুলিতে যে পুলিশ কর্মীরা থাকছেন, তাঁরা ল্যাপটপ সহ অন্যান্য প্রযুক্তিকে ঠিকমতো ব্যবহার করতে পারছেন না। অর্থাৎ ডিউটিতে যাঁরা থাকছেন, তাঁরা প্রযুক্তি নিয়ে অতটা সরগর নয়। এই পরিস্থিতিতেই কীভাবে আরও দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো যায় বা আরও কম সময়ে ‘রেসপন্স’ দেওয়া যায়, তা নিয়ে মঙ্গলবার কলকাতা পুলিশ কমিশনার সমস্ত থানার ওসি ও এসিদের নিয়ে ভার্চুয়াল মিটিং করেন। সেখানে এই ‘রেসপন্স’ টাইম কমিয়ে আরও দ্রুত পৌঁছে যেতে যা যা করণীয়, সেই পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন সিপি। কোথায় সমস্যা হচ্ছে, সেটা খতিয়ে দেখে প্রয়োজনে প্রশিক্ষণের উপর জোর দিতে বলা হয়েছে।