


পর্তুগাল- ০ : স্পেন- ১ (মেরিনো)
ডালাস: ‘লেজেন্ড ভার্সেস ফিউচার’। সোমবার পর্তুগাল বনাম স্পেন ম্যাচকে এভাবেই দেখা হচ্ছিল। একদিকে দেশের জার্সিতে কেরিয়ারের ষষ্ঠ তথা শেষ বিশ্বকাপে খেলতে নামা রোনাল্ডোর কাছে এটাই শেষ সুযোগ ছিল সোনালি ট্রফি ছুঁয়ে দেখার। অন্যদিকে, স্পেনের জার্সিতে প্রথম মেগা আসরেই নিজের ছাপ ফেলতে মরিয়া লামিনে ইয়ামাল। তবে এই দুই তারকার দ্বৈরথে ডালাসে নায়ক সুপার-সাব মিকেল মেরিনো। সোমবার সংযোজিত সময়ে তাঁর গোলেই পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটের টিকিট নিশ্চিত করল স্পেন। আর সোনালি ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থাকল রোনাল্ডোর। চোখের জলেই বিশ্বকাপ থেকে বিদায় নিলেন পর্তুগিজ মহাতারকা।
ইউরোপের দুই হেভিওয়েটের ম্যাচ ঘিরে ডালাসে উন্মাদনা ক্রমশ চড়ছিল। ৮ মিনিটেই সুবর্ণ সুযোগ নষ্ট করেন স্পেনের ওয়েরজাবাল। ড্যানি ওলমোর ডিফেন্স চেরা পাস থেকে বিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে মারেন তিনি। ১৬ মিনিটে একই আক্রমণ থেকে ইয়ামাল ও অ্যালেক্স বায়েনার শট রুখে পর্তুগালকে লড়াইয়ে রাখেন ডিয়েগো কোস্তা। প্রারম্ভিক চাপ সামনে দ্রুত নিজেদের গুছিয়ে নেন রোনাল্ডোরা। ৪১ মিনিটে নুনো মেন্ডিজের দূরপাল্লার শট ক্রসবারে লাগে। বিরতির পরও ম্যাচের গতি প্রকৃতিতে খুব একটা পরিবর্তন ঘটেনি। তবে ম্যাচের শেষলগ্নে ফেরান তোরেস ও মেরিনোকে নেমে মোক্ষম চাল দেন স্পেন কোচ ফুয়েন্তে। এই দুই পরিবর্ত ফুটবলারের হাত ধরেই ম্যাচে কাঙ্ক্ষিত গোল তুলে নেন স্পেন। তোরেসের থ্রু পাস থেকে ঠাণ্ডা মাথায় বিপক্ষের জাল কাঁপান মেরিনো (১-০)।