


বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: কাশ্মীরে সন্ত্রাসের কাজে ব্যবহার হচ্ছে ক্রিপ্টোকারেন্সির টাকা। কিছুদিন আগে এমনই অভিযোগ সামনে আসে। থানায় অভিযোগও দায়ের হয়। সেই এফআইআরের ভিত্তিতে বৃহস্পতিবার ভূস্বর্গের তিন জেলায় তল্লাশি অভিযান চালায় স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি। জানা গিয়েছে, জম্মু, ডোডা এবং হান্দওয়ারার কিছু সন্দেহজনক জায়গায় অভিযান চালিয়েছেন তদন্তকারীরা। উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক ডিভাইস। অনুমান, এইসব যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করত জঙ্গিরা। এদের মূল উদ্দেশ্য কাশ্মীরের শান্তি নষ্ট করা। তার জন্য স্থানীয় যুবকদের মগজধোলাই চলত। ধর্মের নামে সন্ত্রাসের কাজে উৎসাহিত করা হতো তাদের। অনেক সময় টাকার লোভ দেখানো হতো। তদন্তকারীদের অনুমান, সেই টাকা আসত ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। এছাড়া বিভিন্ন সন্ত্রাসমূলক কাজে ব্যবহার হতো ওই টাকা। কাশ্মীরের সিআই-এসআইএ থানায় দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে দীর্ঘদিন ধরেই তদন্ত চলছে। এদিনের অভিযানও তার অংশ। এসআইএ-র দাবি, কাশ্মীরে সন্ত্রাসরোধে চেষ্টার খামতি থাকবে না। বিশেষ করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেনের যে বিষয় সামনে এসেছে, সেটাও গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে।