


সংবাদদাতা, খড়্গপুর: সচরাচর ‘রাফ অ্যান্ড টাফ’ মুডেই দেখা যায় বিজেপির ‘দাবাং’ নেতা তথা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষকে। কখনও তিনি বুলেট চালান। কখনও লাঠি বা গদা হাতে দেখা যায় তাঁকে। সেই দিলীপকেই এবার দেখা গেল অন্য মুডে! কানে হেডফোন লাগিয়ে স্টুডিওতে তাঁর গান রেকর্ডিংয়ের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়াতে। ওই ভিডিওতে ‘ঝালমুড়ি’ নিয়ে দিলীপবাবুকে গান করতে শোনা যাচ্ছে।
বাংলায় ঝালমুড়ির জনপ্রিয়তা এমনিতেই তুঙ্গে। তবে তা নতুন মাত্রা পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌজন্যে। ভোট প্রচারে এসে ঝাড়গ্রামের একটি দোকান থেকে ঝালমুড়ি কিনে খান নমো। বাকিটা সবার জানা। তবে মন্ত্রী দিলীপবাবুর গানও কি হিট হবে? এনিয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি বিজেপির ‘দাবাং’ নেতার। তবে বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস বলেন, ‘আমরাও দিলীপদার রেকর্ডিংয়ের ওই ভিডিও দেখেছি। ভালোই তো। একজন মানুষের বিভিন্ন প্রতিভা ও শখ থাকে। এটাই স্বাভাবিক। আমরা আশাবাদী দিলীপদা এই অবতারেও সফল হবেন।’