


ফের একটি দক্ষিণী ছবি হাত ছাড়া হল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। ‘কল্কি: ২৮৯৮’ ছবির সিক্যুয়েল থেকে বাদ পড়লেন নায়িকা। বৃহস্পতিবার সকালে নির্মাতাদের তরফে আনুষ্ঠানিকভাবে এই খবর ঘোষণা করা হয়েছে। নির্মাতাদের দাবি, দায়বদ্ধতার অভাবের কারণেই এমন সিদ্ধান্ত। বিবৃতিতে লেখা হয়েছে, ‘দীর্ঘ আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি দীপিকা পাড়ুকোন কল্কি ছবির সিক্যুয়েলে থাকছেন না। প্রথম ছবিতে তাঁর সঙ্গে কাজ করলেও দ্বিতীয় ছবিতে তা সম্ভব হচ্ছে না। এই ছবির সিক্যুয়েলে অভিনয়ের জন্য দায়বদ্ধতা প্রয়োজন। দীপিকার জন্য শুভকামনা রইল।’ নির্মাতাদের তরফে কেন এমন সিদ্ধান্ত? তা অবশ্য খোলসা করে জানাননি তাঁরা। সূত্রের খবর, দীপিকা পারিশ্রমিক বৃদ্ধি ও ৭ ঘণ্টার শিফ্টের দাবিতে অনড়। দীর্ঘদিন ধরেই তাঁর এই দাবি নিয়ে ইন্ডাস্ট্রিতে পক্ষে বিপক্ষে নানা আলোচনা চলছে। শোনা যাচ্ছে, সে কারণেই নাকি নাগ অশ্বিনের ছবির সিক্যুয়েল থেকে বাদ পড়তে হল অভিনেত্রীকে। এর আগে একই কারণে তিনি সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছিলেন। এই দুই ছবিতেই নায়কের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। তবে একের পর এক দক্ষিণী ছবি থেকে বাদ পড়ায় অভিনেত্রীর অনুরাগীরা হতাশ। যদিও তাঁর হাতে একটি দক্ষিণী ছবি রয়েছে এই মুহূর্তে। অ্যাটলি পরিচালিত সেই সিনেমায় অল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে দীপিকাকে।