


কাকদ্বীপ, ২ এপ্রিল: পাথরপ্রতিমার ঢোলাহাট বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিককে গ্রেপ্তার করল পুলিস। আজ, বুধবার সকালে তাঁকে ঢোলাহাট থানা গ্রেপ্তার করে। ভারতীয় ন্যায় সংহিতা ও দমকল আইনের একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে চন্দ্রকান্তের বিরুদ্ধে। এদিনই তাঁকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনায় অপর অভিযুক্ত চন্দ্রকান্তর ভাই তুষার এখনও পলাতক। তাঁর সন্ধানে তল্লাশি চলছে।
গত সোমবার পাথরপ্রতিমার ঢোলাহাটে বাজি কারখানায় বিস্ফোরণে মোট আট জনের মৃত্যু হয়। এর মধ্যে চারটি শিশু। এই ঘটনায় কারখানার মালিক চন্দ্রকান্তকে আটক করা হয়েছিল। মঙ্গলবার সারাদিন থানায় এনে চলছিল জিজ্ঞাসাবাদ। মঙ্গলবার রাতেই শেষ হয়েছে তাঁর পরিবারের মৃত 8 জন সদস্যের শেষকৃত্য। এরপর সকালে গ্রেপ্তার করা হয় চন্দ্রকান্তকে।
জানা গিয়েছে, প্রায় ১০ বছর আগে বাজি ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছিলেন চন্দ্রকান্ত। তখন লাইসেন্স ছাড়াই চলত বাজির কেনাবেচা ও তৈরির কাজ। ২০২২ সালে গ্রেপ্তার হয়েছিলেন। কয়েক মাস জেল খাটার পর বাইরে বেরিয়ে ফের শুরু করেন সেই কাজ। এলাকার লোকজনের কাছে চন্দ্রকান্ত দাবি করেন, বাজি ব্যবসার জন্য লাইসেন্স বের করেছেন। তারপর থেকে ফুলে ফেঁপে ওঠে তাঁর এই ব্যবসা। রায়দিঘি, নামখানা, মন্দিরবাজারে সরবরাহ করা হতো তাঁর তৈরি বাজি।