


তিরুবনন্তপুরম: দলের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য রয়েছে তাঁর। প্রথমবার বিষয়টি স্বীকার করে নিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। বৃহস্পতিবার তিরুবনন্তপুরমে তিনি বলেন, ‘দলের কিছু নেতার সঙ্গে আমার মতবিরোধ রয়েছে।’ রাজ্য না হাইকমান্ড, কোনও স্তরের নেতাদের সঙ্গে তাঁর মতবিরোধ, তা অবশ্য স্পষ্ট করেননি থারুর। তিনি বলেন, রাজ্যে আমাকে কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ করলে তবেই যাই। নীলাম্বুর বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ প্রার্থী জয়ী হোক, আমি সেটাই চাইছি। কর্মীরা দলীয় তাঁর জয়ের জন্য ব্যাপক পরিশ্রম করেছেন।
অপারেশন সিন্দুরের পর বিভিন্ন দেশে ভারতের অবস্থান তুলে ধরতে সংসদীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল মোদি সরকার। উত্তর ও লাতিন আমেরিকায় যে দলটি পাঠানো হয়েছিল তার নেতৃত্বে ছিলেন শশী থারুর। এপ্রসঙ্গে তিনি বলেন, আমি বিদেশে যা বলেছি, সবই আমার ব্যক্তিগত মতামত। দেশের স্বার্থে একজন নাগরিকের যা কর্তব্য, আমি তাই পালন করেছি। সেখানে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আলোচনাই হয়নি।