


চেন্নাই: মুখ্যমন্ত্রী বিজয়ের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য। শুক্রবার ডিএমকে বিধায়ক অনিথা আর রাধাকৃষ্ণণকে গ্রেপ্তার করল তামিলনাড়ু পুলিশ। তার আগেই রাধাকৃষ্ণণের আগাম জামিনের আরজি খারিজ করে দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট।
পুলিশ সূত্রে খবর, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী করুণানিধির জন্মদিন উপলক্ষ্যে গত ২০ জুন আথুরের একটি জনসভায় যোগ দিয়েছিলেন রাধাকৃষ্ণণ। অভিযোগ, সেখানেই বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। রাধাকৃষ্ণণ বলেন, ‘ভাই অস্টিন (ডিএমকে বিধায়ক) বিজয়ের দিকে আঙুল তুলে প্রশ্ন করেছিলেন, আপনি রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে চুপ করে বসে আছেন কেন? তখন মুখ্যমন্ত্রীকে দেখে মনে হচ্ছিল তিনি ফাঁদে পড়েছেন। তার ভাবটা এমন ছিল, এ আমি কোথায় আটকে পড়লাম! বাড়িতে এক অভিনেত্রীকে নিয়ে ভালোই তো ছিলাম।’ এই মন্তব্যের পরেই রাধাকৃষ্ণণের বিরুদ্ধে মামলা দায়ের হয়। বিধায়কের গ্রেপ্তারি নিয়ে সরব হয়েছে ডিএমকে শিবির। দলের সাংসদ কানিমোঝির অভিযোগ, বিরোধী স্বরকে স্তব্ধ করার জন্যই দমনপীড়ন নীতি নিয়েছে বিজয়ের ‘স্বৈরাচারী সরকার’।
অন্যদিকে, টিভিকে বিধায়কদের ঘুষ দেওয়ার অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে তামিলনাড়ু সরকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন সেলভান, ইএম শ্রীনিবাসন, রাজেশ, কার্তিক ও রমেশ। সব মিলিয়ে এই মামলায় গ্রেপ্তারির সংখ্যা দাঁড়াল আট। পুলিশের অভিযোগ, এই মামলায় আগেই গ্রেপ্তার হওয়া নরেশের সঙ্গে ইস্ট কোস্ট রোডের হোটেলে দেখা করেছিলেন কার্তিক ও রমেশ। সেখানেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট দেওয়ার জন্য ডিএমকে বিধায়কদের ৩৫ কোটি টাকা করে দেওয়ার কথা হয়েছিল।