


নয়াদিল্লি: ‘সকাল থেকেই এমন হচ্ছে। যাত্রী নিয়ে এগোতেই পারছি না। হঠাৎ থেমে যাচ্ছে রিকশ। কিছুই বুঝতে পারছি না। শুনলাম কীসব অ্যাপ দিয়ে মজা করছে পথচলতি ছেলেগুলো। এভাবে আমাদের পেটে লাথি মারলে বাঁচা অসম্ভব। দু’পয়সা রোজগার না করলে খাব কী?’ মাঝরাস্তায় থেমে গিয়েছে ই-রিকশ। তার সামনে দাঁড়িয়ে চোখের জল মুছতে মুছতে কথাগুলি বলছিলেন এক প্রৌঢ় রিকশওয়ালা। নেপথ্যে চীনা ব্যাটারি ম্যানেজমেন্ট অ্যাপ। ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে হঠাৎই অকেজো করে দেওয়া হচ্ছে ই-রিকশগুলি। রাজধানী দিল্লি সহ দেশের নানা প্রান্ত থেকে এমনই অভিযোগ আসছে। একাধিক ভিডিয়োও সামনে এসেছে। এরপরই নড়েচড়ে বসল কেন্দ্র। অবিলম্বে ব্যাট বিএমএস ও ইপোচ লি-আয়ন নামে দু’টি অ্যাপকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সচিব এল কৃষ্ণণ জানিয়েছেন, দ্রুত অ্যান্ড্রয়েড প্লে স্টোর ও অ্যাপল অ্যাপস্টোর থেকে এই অ্যাপগুলি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দিনে এনিয়ে প্লে স্টোর ও অ্যাপস্টোরের সঙ্গে বৈঠকে বসবে সরকার।
কীভাবে কাজ করছে চীনা অ্যাপ? মোবাইলে অ্যাপ ডাউনলোড করে কয়েকটি ধাপ অনুসরণ করলে মুহূর্তেই লিথিয়াম আয়ন ব্যাটারি চালিত রিকশ বন্ধ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে পাশ দিয়ে কোনো রিকশ গেলে ব্লুটুথের মাধ্যমে রিকশর ব্যাটারির সঙ্গে কানেক্ট করতে হয়। তারপর অ্যাপের ডিসচার্জ সুইচে ক্লিক করলেই থেমে যায় রিকশটি। এই পরিস্থিতিতে কী করবেন, কিছুই বুঝতে পারছেন না চালকরা। ফের স্টার্ট দিলেও রেহাই নেই। ওই একই অ্যাপে গিয়ে পুনরায় চালু করতে হবে রিকশটিকে। তবেই গাড়ি এগবে।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এসংক্রান্ত একাধিক ভিডিয়ো ভাইরাল। ক্ষোভ উগরে দিয়েছেন দেশের নানা শহরের রিকশওয়ালারা। কেউ কেউ অন্য রিকশর সঙ্গে বেঁধে নিজের রিকশটিকে সরানোর চেষ্টা করছেন। সারাদিনের আয় মাঠে মারা যাওয়ায় কাঁদতে কাঁদতে রিকশয় বসে রয়েছেন কেউ। শেষ গোটা বিষয়টি রুখতে কড়া পদক্ষেপ নিল
কেন্দ্রীয় সরকার।