


মুম্বই, ১৮ আগস্ট: মুম্বইয়ের রস্তায় অটো-ট্যাক্সি চালিয়ে জীবীকা নির্বাহ করতে মারাঠি শিখতেই হবে। না হলে বাতিল করা হবে চালকের লাইসেন্স। বুধবার মহারাষ্ট্রের ‘মোটর ভেহিক্যল্স আইন, ১৯৮৯’ আইনের সংশোধন করে এই নিয়ম চালু করতে সরব হয়েছে মহারাষ্ট্রের ফড়নবিশ সরকার। বলা হয়েছিল আজ অর্থাৎ ১৮ আগস্ট থেকেই এই নতুন আইন চালু হবে। তাই আজ থেকেই রাজ্য সরকার ভাষা-সংক্রান্ত এই নিয়ম কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে। তবে মারাঠি না জানার কারণে কোনও চালকের লাইসেন্স সঙ্গে সঙ্গে বাতিল করা হবে না। নিয়ম মেনে চলার জন্য চালকদের আরও চার মাস সময় দেওয়া হবে বলে জানাল সরকার।
মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী প্রতাপ সরনায়ক জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে মারাঠি ভাষার প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে না পারলে চালককে প্রথমে ৩০ দিনের নোটিস দেওয়া হবে। নোটিসের সময়সীমার মধ্যেও না শিখলে তাঁর ড্রাইভিং লাইসেন্স তিন মাসের জন্য সাসপেন্ড করা হতে পারে। এরপরও নিয়ম না মানলে লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করার ব্যবস্থা নেওয়া হবে। এই কড়া নিয়মে কার্যত মারাঠি না জানা চালকরা চিন্তায় পড়েছেন। তবে সরকারের তরফ থেকে মারাঠি শিখতে বিশেষ প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করেছিল। যেখানে এখনো পর্যন্ত প্রায় ১.২৫ লক্ষ অটো ও ট্যাক্সি চালক ইতিমধ্যেই শংসাপত্র পেয়েছেন।
মুম্বই, থানে, নভি মুম্বই, পুণে-সহ মহারাষ্ট্রের বিভিন্ন শহরে বিপুল সংখ্যক অ-মারাঠিভাষী মানুষের বসবাস। অন্য রাজ্য থেকে আসা বহু মানুষ অটো, ট্যাক্সি চালিয়ে সংসার চালায়। ফলে নতুন নিয়ম ঘিরে তাঁদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে মহারাষ্ট্র সরকার এর পালটা দাবি, এই উদ্যোগের উদ্দেশ্য অ-মারাঠিভাষী মানুষকে নিশানা করা নয়। বরং রাজ্যে বসবাসকারী প্রত্যেককে মারাঠি ভাষা শেখার জন্য উৎসাহিত করাই এই নীতির মূল লক্ষ্য।