


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখে উদ্বেগ। কপালে চিন্তার রেখা স্পষ্ট। ভরা বসন্তেও ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ বেশ মনমরা। কারণ, আইএসএলে শেষ দু’টি ম্যাচে জয়ের মুখ দেখেনি তাঁর ইস্ট বেঙ্গল। শনিবার মিগুয়েলদের সামনে কেরল ব্লাস্টার্স। কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচ ইস্ট বেঙ্গলের। ছুটি কাটিয়ে এদিন তারই প্রস্তুতি শুরু করল ব্রুজোঁ ব্রিগেড। অনুশীলনে ইঙ্গিত, প্রথম দলে গোটা দুয়েক পরিবর্তন করতে পারেন লাল-হলুদ সারথি। চাপ কাটাতে যে কোনও মূল্যে ৩ পয়েন্ট প্রয়োজন। কিন্তু দলের খেলার যা ছিরি, তাতে কট্টর সমর্থকও টেনশনে। সোশ্যাল সাইটেও আছড়ে পড়ছে হতাশা। টিম ম্যানেজমেন্টের ধারণা, এতে আরও চাপে পড়বেন ফুটবলাররা। তাই ম্যাচের আগে সামাজিক মাধ্যম থেকে দূরে থাকতে বলা হয়েছে রশিদ, রাকিপদের।
ঘরের মাঠে জামশেদপুরের কাছে হারের পর এফসি গোয়ার বিরুদ্ধে ড্র করেছে ইস্ট বেঙ্গল। ১৩ ম্যাচের সংক্ষিপ্ত লিগে ইতিমধ্যেই ৫ পয়েন্ট খোয়ানো কাজের কথা নয়। সেটা বুঝেই এবার মরিয়া থিঙ্কট্যাঙ্ক। আগামী তিনটি ম্যাচে জিততে মরিয়া ইস্ট বেঙ্গল। কেরল ব্লাস্টার্স ও মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে যুবভারতীতে খেলবে লাল-হলুদ ব্রিগেড। ১১ এপ্রিল অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ চেন্নাইয়ান। সব ঠিকঠাক চললে এপ্রিলেই খেলার জায়গায় আসবেন কেভিন সিবলে। ততদিন অল ইন্ডিয়ান ডিফেন্সই অস্কারের ভরসা। যাই হোক, দুর্বল কেরলের বিরুদ্ধে আপফ্রন্টে চার বিদেশি নিয়েই শুরু করবে ইস্ট বেঙ্গল।