


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনির দশা যেন কাটতেই চাইছে না ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁর। কেভিন সিবলে, আনোয়ার আলির পর চোটের খাতায় নাম লিখিয়েছেন মহম্মদ রশিদ। গুরুত্বপূর্ণ সময়ে চোট-আঘাতের তালিকা ক্রমশ লম্বা হচ্ছে মশাল বাহিনীর। শনিবার অনুশীলনে বল দখলের লড়াইয়ে শৌভিক চক্রবর্তীর সঙ্গে সংঘর্ষে গোড়ালিতে গুরুতর চোট পেয়েছিলেন প্যালেস্তাইনের মিডিও। গোড়ালি ফুলে ঢোল। এমআরআই করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, কম করে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে রশিদকে। ফলে আগামী কয়েকটি ম্যাচে তাঁকে ছাড়াই ঘুঁটি সাজাতে হবে কোচ অস্কার ব্রুজোঁকে।
শনিবার চেন্নাইয়ানের বিরুদ্ধে মরশুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল। তার আগে ফুটবলারদের দু’দিন বিশ্রাম দিয়েছেন ব্রুজোঁ। মঙ্গলবার শুরু হবে চেন্নাইয়ান বধের চূড়ান্ত মহড়া। চোট সারিয়ে কেভিন সিবলেকে ফিট করে তোলার চেষ্টা চলছে জোর কদমে। ফিফা বিরতিতে একাই অনুশীলন করেছেন অর্জেন্তাইন ডিফেন্ডার। এরপর দলের সঙ্গে গা ঘামাচ্ছেন সিবলে। পাশাপাশি অনুশীলন শুরু করার কথা আনোয়ারের। তাঁর চোট গুরুতর নয়। এই দুই ফুটবলারকে পেয়ে গেলে কিছুটা চাপ কমবে স্প্যানিশ কোচের। সেক্ষেত্রে ব্লকার পজিশনে রশিদের পরিবর্তে জিকসন সিংকে ব্যবহার করার সম্ভাবনা। শনিবার বিকেল পাঁচটায় ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড। চেন্নাইয়ের চড়া গরম ও প্রবল আর্দ্রতা ভাবাচ্ছে অস্কারকে। প্রতিপক্ষের নাগুয়েরো, প্রীতম, ইরফানরা নিজেদের ঘরের মাঠে শক্তিশালী গোয়াকে রুখে দিয়েছেন। ইস্ট বেঙ্গলকেও কড়া টক্কর দিতে তৈরি চেন্নাইয়ান।