


ভোটের উত্তাপে সরগরম বাংলা। বুধবার ভোটদানের পর বুথের সামনে এক পরিচিত ইস্ট বেঙ্গল সমর্থকের সঙ্গে দেখা। সৌজন্য বিনিময়ের ফাঁকেই তাঁর উদ্বেগ, ‘এবার কি ইস্ট বেঙ্গল আইএসএল জিতবে?’ এটাই বাংলার ফুটবলের আবেগ। শয়নে, স্বপনে, জাগরণে প্রিয় দলের প্রসঙ্গ আসবেই। যাই হোক, তাঁর মতো হাজার হাজার লাল-হলুদ সমর্থকও নিশ্চয়ই একই স্বপ্ন দেখছেন। চলতি টুর্নামেন্টে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট অস্কার ব্রিগেডের। আরও চারটি ম্যাচ বাকি। কার্যত নক-আউট পরিস্থিতি। প্রতিটি ম্যাচই ফাইনাল। ব্যারিকেড টপকাতে পারলে উৎসবে ভাসবে লেসলি ক্লডিয়াস সরণি। কাজটা কঠিন, তবে অসম্ভব নয়। আপাতত সব ভুলে মুম্বই ম্যাচে ফোকাস করা উচিত স্প্যানিশ কোচের। জিতলে সাউলদের কাছে এই ম্যাচ টার্নিং পয়েন্ট হতেই পারে।
মঙ্গলবার গোয়ার নেহরু স্টেডিয়ামে ওড়িশাকে বশ মানিয়েছে ইস্ট বেঙ্গল। বিপিনদের পারফরম্যান্স দেখে সমর্থকরা উদ্দীপ্ত। তবে মনে রাখা উচিত, ওড়িশা ও মুম্বইয়ের শক্তির ফারাক অনেকটাই। জনি কাউকো, পেরেরা ডিয়াজরা যুবভারতীতে মোহন বাগানকেও হারিয়েছে। তাই অস্কারকে অনুরোধ, রক্ষণের ফর্মেশন অবিলম্বে বদলান। ছাংতে, বিক্রমপ্রতাপ সিংয়ের মতো উইঙ্গার মুম্বইয়ের সম্পদ। তাদের বিরুদ্ধে তিন ডিফেন্ডারে দল সাজানো মানে অহেতুক বিপদ ডেকে আনা। বরং ৪-৫-১ বা ৪-৪-২ ফর্মেশনে অনেক সাবলীল ইস্ট বেঙ্গল। ওড়িশার বিরুদ্ধে ফর্মেশন বদলানোর পর দ্বিতীয়ার্ধে অনেক ঝকঝকে ইস্ট বেঙ্গল। আলাদা করে বিষ্ণু ও বিপিনের কথাও বলতে হবে। উইং হাফ হিসাবেই ওদের দেখতে চাই। কিন্তু তিন ডিফেন্সের ফর্মেশনে ক্রমাগত ট্র্যাক ব্যাক করতে হয়। ক্রমাগত এই ওয়ার্কলোড নেওয়া সত্যিই বেশ কষ্টকর। এছাড়া অহেতুক পরীক্ষানিরীক্ষা করাও অর্থহীন। স্প্যানিশ কোচের বোঝা উচিত, সরু সুতোয় ইস্ট বেঙ্গলের ভাগ্য ঝুলছে। প্রতিটা পয়েন্ট মূল্যবান। এখানে বিলাসিতা দেখানোর জায়গা নেই। মোদ্দা কথা, ঠিকঠাক দল নির্বাচন দরকার। ফুটবলার পরিবর্তনের ক্ষেত্রেও আরো সচেতনতা প্রয়োজন। উদাহরণস্বরূপ জেরির কথা বলাই যায়। ট্রান্সফার উইন্ডোয় এই ছেলেটিকে সই করায় ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট। কিন্তু দুর্বোধ্য কারণে জেরিকে এতদিন খেলানো হয়নি। কিন্তু ওড়িশার বিরুদ্ধে অল্প সময়েই নিজের জাত চিনিয়েছে এই উইং হাফ। নির্দিষ্ট স্পেলে এমন ছোট্ট পরিবর্তনই ম্যাচের রং বদলে দিতে পারে। পাশাপাশি ইউসেফের কথাও উল্লেখ করতে হবে। গোল পেলে স্ট্রাইকারের খিদে বহুগুণ বেড়ে যায়। মুম্বইয়ের বিরুদ্ধে ইউসেফকে নিশ্চয়ই প্রথম থেকে খেলানো হবে।