


সাবাহ এফসি-০ : ইস্ট বেঙ্গল-২
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লাল-হলুদে জমজমাট রবিবার। কলকাতায় মোহন বাগানকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে ডুরান্ড কাপ জিতেছেন এডমুন্ডরা। বিদেশ বিভুঁইয়ে জয়ের স্বাদ পেল প্রমীলা ব্রিগেডও। মালয়েশিয়ায় সাবাহ এফসিকে ২-০ ব্যবধানে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে ইস্ট বেঙ্গলের মহিলা দল। দুই গোলদাতা অলিভিয়া আনোকিয়ে ও সৌমা গুগুলথ। বাছাই পর্বে প্রথম দু’টি ম্যাচ জিতে মূলপর্বের দিকে এক পা বাড়িয়েই ছিল লাল-হলুদ ব্রিগেড। এদিন ড্র করলেই কাজ হয়ে যেত। কিন্তু অ্যান্টনি অ্যান্ড্রুজের দল জেতার লক্ষ্যেই মাঠে নামে। প্রথমার্ধে অবশ্য গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটে লকগেট খোলে। অলিভিয়ার গোলে লিড নেয় ইস্ট বেঙ্গল। আর ৮৭ মিনিটে মশাল বাহিনীর জয় নিশ্চিত করেন সৌমা।