


সংবাদদাতা, বনগাঁ: লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার সামনে রায় ব্রিজের উপরে। মৃত ব্যক্তির নাম ভগবান বিশ্বাস (৬২)। তিনি স্থানীয় চাঁপাবেড়িয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। পেট্রাপোল থেকে গোপালনগরগামী একটি দশ চাকার লরি ভগবানবাবুর মাথার উপর দিয়ে চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মতিগঞ্জের দিক থেকে বনগাঁ টাউন হলের দিকে বাইক চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। একই দিকে যাচ্ছিল একটি লরি। ব্রিজের ঠিক মাঝামাঝি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনের চাকার নিচে পড়ে যান ওই ব্যক্তি। স্থানীয়দের দাবি, উল্টো দিক থেকে আসা একটি টোটোকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ওই ব্যক্তি। পুলিশদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বনগাঁ হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক লরি নিয়ে পালিয়ে যান চালক।