


সংবাদদাতা, হিলি: ভোট আবহেও বালুরঘাটের নাট্যচর্চা অব্যাহত। শহর জুড়ে রাজনৈতিক দলগুলির প্রচারের উত্তাপেও থেমে নেই শহরের নাট্যচর্চা। শহরের একাধিক নাট্য সংস্থা শুক্রবার বিশ্ব নাট্য দিবস উদযাপন করে। নাটকের শহর হিসেবে পরিচিত বালুরঘাটের নাট্যচর্চার বিশেষ সুনাম রয়েছে। শহরের নাট্য চর্চার ক্ষেত্রে একাধিক নাট্য সংস্থা গড়ে উঠেছে। নাট্য চর্চার ক্ষেত্রে বিশেষ নাম ত্রিতীর্থ নাট্য সংস্থা। বিশ্ব নাট্য দিবসকে সামনে রেখে এদিন সন্ধ্যায় সংস্থার নিজস্ব মঞ্চে বিশ্বনাট্য দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে সংস্থার সদস্যরা নাট্যাভিনয় সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। সংস্থাটি আগামী ৩ এপ্রিল নতুন নাটক মঞ্চস্থ করবে। নাটক মঞ্চায়নে তার প্রস্তুতি চলছে জোর কদমে। সংস্থার সম্পাদক দুর্গাশংকর সাহার কথায়, ভোটের জন্য নাট্যচর্চা থেমে থাকতে পারে না। সেই ধারাবাহিকতায় আমরা আগামী ৩ এপ্রিল ত্রিতীর্থর প্রাণপুরুষ বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে তাঁর লেখা একটি নাটক মঞ্চস্থ করার প্রস্তুতি নিয়েছি। নতুন নাটকের প্রচারে শহরে পোস্টার লাগানো শুরু হয়েছে।
অন্যদিকে, শহরের আরেকটি নাট্য সংস্থা নাট্য মন্দিরের পক্ষে অপূর্ব চক্রবর্তী জানান, ভোটের কারণে সবাইকে একত্রিত করা কিছুটা কঠিন হয়ে উঠলেও সংস্থার নাট্যচর্চা থেমে নেই। বরং নতুন পরিকল্পনা নিয়ে এগনোর ভাবনা চলছে।
বিশ্ব নাট্য দিবসকে সামনে রেখে একটি সংস্থা ‘ওপেন স্ট্রিট লাইব্রেরি’র মাধ্যমে নাট্যপ্রেমী ও উৎসাহী পাঠকদের জন্য নাটক সম্পর্কিত বিভিন্ন লেখক ও বিভিন্ন বিষয়ের বই প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেন। এদিন সকালে শহরের জেলা প্রেস ক্লাবের সামনে এই বই প্রদর্শনী অনুষ্ঠান হয়।
উদ্যোক্তাদের পক্ষে তুহিন শুভ্র মণ্ডল জানান, বিশ্ব নাট্য দিবসকে সামনে রেখে বালুরঘাটের প্রায় ১১৭ বছরের নাট্য ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ। শহরের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রদোষ মিত্র বলেন, নাটকের প্রসার ও নতুন প্রজন্মকে নাটকে উৎসাহিত করতে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।