


সংবাদদাতা, বারুইপুর: পুজোর আগে বারুইপুরে তিনজন ভুয়ো চিকিৎসক গ্রেপ্তার হয়েছিলেন। আরও এক ভুয়ো ডাক্তারকে বারুইপুর সংলগ্ন মল্লিকপুর থেকে ধরল বারুইপুর থানার পুলিশ। অভিযোগ, স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের চর্মরোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে বারুইপুরের বিভিন্ন জায়গায় চেম্বার খুলে চিকিৎসা করছিলেন রুল আমিন খান। প্রেসক্রিপশনে লেখা থাকত, এমবিবিএস এমডি। অথচ রেজিস্ট্রেশন নম্বর নেই। জীবনতলা থানা এলাকার বাসিন্দা রিপন হাওলাদার তাঁর আত্মীয় প্রতিমা হালদারকে ওই চিকিৎসকের বেলেগাছির রামকৃষ্ণ পল্লির চেম্বারে নিয়ে যান। তিনি জানিয়েছেন, ওই চিকিৎসকের ভুল চিকিৎসার ফলে আমার আত্মীয় আরও অসুস্থ হয়ে পড়ে। এরপরে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে নিয়ে গেলে জানতে পারি, রুল আমিন খান নামে কোনো চিকিৎসক সেখানে নেই। প্রেসক্রিপশন দেখে কর্তৃপক্ষ জানায়, সেটি ভুয়ো। আমরা বারুইপুর থানায় অভিযোগ করি। জানতে পারি, মল্লিকপুরে তিনি ভাড়া থাকেন। ওখানেও চেম্বার খুলে লোক ঠকাচ্ছেন। ব্যাপারটিও পুলিশকে জানানো হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই চিকিৎসকের বাড়ি সাগরে। দু’বছর ধরে কখনো বেতবেড়িয়া কখনো মল্লিকপুর থেকে এই কারবার চালাচ্ছিলেন। এরপরই রুল আমিনকে গ্রেপ্তার করা হয়। এলাকার বিজেপি নেত্রী তনুশ্রী হালদার বলেন, রোগীদের চিকিৎসা দেওয়ার নাম করে ব্যবসা ফেঁদেছিলেন ওই চিকিৎসক। ওঁর কড়া শাস্তি চাই।