


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফ্ল্যাট বিক্রির নাম করে বিপুল টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হল বাবা ও ছেলে। দীর্ঘদিন ধরে তাদের খুঁজছিল লালবাজার। ভবানীপুর এলাকায় আসার খবর পেয়েই বাবা মনোজকুমার ভগোদিয়া ও ছেলে শুভমকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। সরকারি নথি জাল করে প্রতারণার অভিযোগ রয়েছে দু’জনের বিরুদ্ধে। তাদের জেরা করে টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পর্ণশ্রী এলাকার বাসিন্দা দেবাশিস চক্রবর্তী ফ্ল্যাট খুঁজছিলেন কালীঘাট এলাকায়। এই সময় তাঁর সঙ্গে পরিচয় হয় অভিযুক্ত মনোজকুমার ও শুভমের। তারা জানায়, কালীঘাট এলাকায় একটি ফ্ল্যাট রয়েছে। সেটি বিক্রি করবে তারা। অভিযোগকারীকে ১২৮৬ বর্গফুটের একটি ফ্ল্যাট দেখানো হয়। তা পছন্দ হয় দেবাশিসবাবুর। এরপর দু’পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অভিযোগকারী ফ্ল্যাট কেনার জন্য ৭০ লক্ষ টাকা দেন বাবা ও ছেলেকে। কিন্তু তিনি ফ্ল্যাট পাননি বলে অভিযোগ। এমনকি, টাকাও ফেরত পাননি। টাকা হাতানোর পর পালিয়ে যায় বাবা-ছেলে দু’জনেই। প্রতারিত হয়ে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে কালীঘাট থানা বাবা-ছেলের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ সহ একাধিক মামলা রুজু করে। পরে তদন্তভার হাতে নেয় লালবাজার। কিন্তু দুই অভিযুক্তকে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে পুলিশ। আদালত তা মঞ্জুর করে। সেই সঙ্গে বলা হয়, ভারতের যে কোনো প্রান্ত থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবেন তদন্তকারী অফিসাররা। তদন্তে উঠে আসে, শুধু দেবাশিসবাবু নন, তাদের পাল্লায় পড়ে অনেকেই টাকা খুইয়েছেন। একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সরকারি নথি জাল করে ফ্ল্যাটের নথি তৈরি করেছে তারা। সব মিলিয়ে কোটি টাকা প্রতারণার ঘটনায় অভিযুক্ত। তারা ঘন ঘন মোবাইল বদল করায় তাদের ধরা যাচ্ছিল না। বৃহস্পতিবার রাতে গোয়েন্দাদের কাছে খবর আসে, অভিযুক্তরা ভবানীপুর এলাকায় এসেছে। এরপর সেখানে হানা দিয়ে দুজনকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা।