


সংবাদদাতা, বসিরহাট: পদে পদে বিপদের ঝুঁকি নিয়ে নিত্য পারাপার চলছে বিদ্যাধরী নদীর গাজিখালি ফেরিঘাটে। সন্দেশখালির ন্যাজাটে বিদ্যাধরী নদীর এই গাজিখালি ঘাটের করুণ অবস্থা। কোনও এক সময়ে এখানে ফেরিঘাট ছিল। কিন্তু বহু বছর আগে পাড় ভেঙে সেই ফেরিঘাটও নদীতে তলিয়ে যায়। এরপর থেকে বহুবার এলাকার মানুষ পঞ্চায়েত, বিধায়ক, বিডিও অফিসে জানিয়েছেন নতুন ফেরিঘাট তৈরির জন্য। কিন্তু কোনও কাজ হয়নি। অগত্যা এলাকার বাসিন্দারা সিমেন্টের বৈদ্যুতিক খুঁটি নদীর পাড়ে পরপর বসিয়ে, তার উপর দিয়েই প্রাণ হাতে করে যাতায়াত করছেন। কিন্তু তাতে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগে থাকছে এই ঘাটে। বাইক তুলতে গিয়ে পড়ে যান বাইক চালকরা, বয়স্ক মানুষ উঠতে পারেন না। অনেককে এমনকী হামাগুড়ি দিয়েও উঠতে হয়। এলাকার মানুষের দাবি, বহুদিনের এই সমস্যার সমাধান হোক।
বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা স্বপন দাস বলেন, বহুবার জনপ্রতিনিধিদের জানানো হয়েছে। কোনও কাজ হয়নি। এদিকে, প্রায় রোজই দুর্ঘটনা ঘটছে। সবকিছু দেখেশুনেও পঞ্চায়েত ও বিডিও অফিস থেকে কিছুই করা হচ্ছে না। আমরা চাই দ্রুত এখানে কংক্রিটের ফেরিঘাট তৈরি করা হোক। আর ন্যাজাট ২ পঞ্চায়েতের প্রধান হেনা দাস মাহাত বলেন, ওখানে ফেরিঘাটের তৈরির প্রস্তুতি শুরু হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে। নিজস্ব চিত্র