


সংবাদদাতা, ময়নাগুড়ি: সাতসকালে এক বহুজাতিক কোম্পানির শোরুমের তালা খুলতেই চক্ষু চড়কগাছ মালিকের। শোরুমের ভেতর থেকে গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া, সঙ্গে তীব্র ঝাঁঝালো গন্ধ। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ময়নাগুড়ি দুর্গাবাড়ি মোড় এলাকায়। প্রথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকে লাগা এই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে শোরুমের এসি, কম্পিউটারসহ লক্ষাধিক টাকার সামগ্রী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ির দুর্গাবাড়ি মোড় এলাকায় ওই বহুজাতিক সংস্থার শোরুমটি অবস্থিত। প্রতিদিনের মতোই আজ সকালেও শোরুমের মালিকের ছেলে দোকান খুলতে আসেন। কিন্তু দোকানের দরজা তুলতেই ভেতর থেকে কালো ধোঁয়া এবং ঝাঁঝালো গন্ধ বের হতে দেখেন তিনি। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। খবর দেওয়া হয় স্থানীয় দমকল বাহিনীকে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। দমকল কর্মীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও, ততক্ষণে শোরুমের ভেতরের সিংহভাগ জিনিসই পুড়ে ছাই হয়ে যায়। শোরুমে থাকা একাধিক এসি, লাইট, কম্পিউটার, ফ্যান এবং সিসিটিভি মনিটর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এছাড়া শোরুমে বিক্রির জন্য মজুত রাখা অন্যান্য সামগ্রীরও ব্যাপক ক্ষতি হয়েছে।
দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, শনিবার রাতে ময়নাগুড়ি এলাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টি হয়েছিল। সেই সময় কোনোভাবে শর্ট সার্কিট হয়ে শোরুমের ভেতরে আগুন লেগে যায়। সারারাত শোরুম বন্ধ থাকায় ভেতরের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।