


বেজিং: চীনে পণ্যবাহী জাহাজে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার বন্দর শহর কিংদাওয়ের এই ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন কমপক্ষে পাঁচজন। জানা গিয়েছে, ‘ওশেন মেলোডি’ নামক ওই জাহাজে লাইবেরিয়ার পতাকা ছিল। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিং। ঠিক কী হয়েছিল? সংবাদমাধ্যম জিনহুয়া জানিয়েছে, জাহাজটি কিংদাও বেইহাই শিপইয়ার্ডে নোঙর করা ছিল। মেরামতির কাজ চলছিল। স্থানীয় সময় সকাল ১১টা ১৫ নাগাদ জাহাজে আচমকা আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। দুপুর আড়াইটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয় দমকল। আগুন লাগার সময় জাহাজে মোট ৪২ জন মানুষ ছিলেন। তাঁদের মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন পাঁচজন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ১২ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।