


দেরাদুন: নেপালের ভোটেকশী নদীর হড়পা বানের বিভীষিকা ফেরাল ভারতের দু’টি বিপর্যয়ের স্মৃতি। একটি ঘটেছিল ২০২১ সালের ফেব্রুয়ারিতে উত্তরাখণ্ডের ঋষিগঙ্গায়। অন্যটি গত বছরের আগস্টে ধরালীতে। ধ্বংসলীলা তিনটি বিপর্যয়কেই এক বন্ধনীতে এনে ফেলেছে। নেপালের রাসুয়া জেলায় বুধবার আকাশ ছিল ঝলমলে। বিপর্যয়ের কোনো লক্ষণই ছিল না। সাড়ে পাঁচ বছর আগে ৭ ফেব্রুয়ারি ধরালীর আকাশও ছিল একই রকম ঝকঝকে। হঠাৎই ঋষিগঙ্গা নদীতে নামে হড়পা বান। উচ্চ অববাহিকায় হিমবাহ ধসের জেরে রেনি-তপবনকে ধ্বংসস্তূপে পরিণত হয়। ঋষিগঙ্গা এবং ধৌলীগঙ্গার মিলনস্থলে ছিল এনটিপিসির একটি জলবিদ্যুৎ প্রকল্প। সেদিন হড়পা বানের জেরে জলবিদ্যুৎ প্রকল্পের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। উত্তরাখণ্ডের চামোলি জেলার রেনি ও তপবন এলাকায় শতাধিক মানুষের মৃত্যু ও নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। ২০২৫ সালের ৫ আগস্ট মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ধরালীতে পর পর ছয়বার হড়পা বান নামে। ১২ হাজার ৬০০ ফুট উচ্চতা থেকে ঘণ্টায় ৪৩ কিলোমিটার বেগে নেমে আসা এই বান মাত্র ৩০ সেকেন্ডে ধরালী গ্রামের বেশিরভাগ অংশ গ্রাস করে। সেবার চারজনের মৃত্যু হয়।