


সংবাদদাতা, আলিপুরদুয়ার: নেপাল ট্রাজেডির পর 'হড়পা বান' কথাটা শুনলেই এখন অনেকেরই পিলে চমকে উঠছে। কিন্তু মাদারিহাটের টোটোপাড়া, বান্দাপানি বা ঢেকলাপাড়ার মানুষের কাছে অবশ্য হড়পা বান কথাটি নতুন নয়। কারণ, টোটোপাড়া যেতে হাউড়ি, বাংরি, তিথি নদী বা বান্দাপানি ঢেকলাপাড়া যেতে ডিমডিমা নদীতে প্রায়শই হড়পা বান আসে। তখন ওই সব নদীর উপর দিয়ে যাওয়া রাজ্য সড়কে যান চলাচল কার্যত থেমে যায়। জল নেমে গেলে ফের যান চলাচল স্বাভাবিক হয়। কিন্তু নেপালের ট্রাজেডির পর আজ, রবিবার দুপুরে টোটোপাড়া যাওয়ার রাস্তায় জামতলা এলাকায় বাংরি নদীতে হঠাৎই হড়পা বান আসায় আতঙ্কিত হয়ে পড়েন টোটোপাড়ার বাসিন্দারা। এই হড়পা বানের জেরে এদিন প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে মাদারিহাট-টোটোপাড়া রাজ্য সড়কে।
মাদারিহাটের বিডিও ডালকি লামা বলেন, বাংরির জল নেমে যাওয়ায় ওই রাজ্য সড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। টোটোপাড়ার স্থানীয় বাসিন্দা তথা মাদারিহাট পঞ্চায়েত সমিতির সভাপতি আশা এস বোমজান বলেন, এদিন দুপুরে বাংরিতে হঠাৎই হড়পা বান আসে। এর ফলে দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। আমরা অবশ্য এই হড়পা বানে অভ্যস্ত। কিন্ত নেপালের ঘটনার পর এখন আতঙ্কিত বোধ করছি। টোটো কল্যাণ সমিতির সম্পাদক বকুল টোটো বলেন, নেপালের দুর্দশা দেখে এখন সত্যিই আতঙ্ক হচ্ছে আমাদের।