


নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর পরই কালীপুজো ও দীপাবলি। দীপাবলি মানেই আলোর উৎসব। কোনো কথার কথা নয়, নিউটাউনে রাস্তার দিকে তাকালেই এখন সেই আলোর উৎসব চোখে পড়বে। কারণ, স্মার্টসিটি নিউটাউন থেকে সল্টলেক পর্যন্ত তেরঙ্গা আলো দিয়ে সাজানো হয়েছে শহরকে। ফ্লাইওভারের পিলার, মেট্রোর পিলার, ফ্লাইওভার, ডিভাইভারের রেলিংয়ে ইএলডি চেন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। দুর্গাপুজো থেকেই শুরু হয়েছিল এই কাজ। দীপাবলির মুখে যেন আলোয় ভাসছে গোটা নিউটাউন।
প্রতি বছর বড়দিনে আলোর সাজে সেজে ওঠে পার্ক স্ট্রিট। এবার পুজোয় পার্ক স্ট্রিটের মতোই সল্টলেক-নিউটাউনকে সাজানোর কথা ঘোষণা করেছিলেন বিধাননগরের পুলিশ কমিশনার রাঠোর অমিতকুমার ভারত। সেইমত আলো দিয়ে সাজানো হয়েছিল। সেই আলোকসজ্জার সঙ্গে আরও বাড়তি আলো দেওয়া হয়েছে দীপাবলিকে সামনে রেখে। গোটা নিউটাউনের বিশ্ববাংলা সরণি জ্বলজ্বল করছে আলোয়। রাস্তার দু’ধারে তেরঙ্গা আলোকসজ্জা। সল্টলেকের একাধিক জায়গায় তেরঙ্গা আলো দিয়ে সাজানো হয়েছে। নিক্কো পার্কের কাছে নিউটাউনগামী ফ্লাইওভারের দু’পাশও সেজে উঠেছে। সল্টলেকের ব্রডওয়ের উপর আইল্যান্ডগুলি বিভিন্ন আলো দিয়ে সাজানো হয়েছে। কমিশনারেটের সামনের আইল্যান্ডে ত্রিশূল আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে। সন্ধ্যার পর অন্য আঙ্গিকে সেজে উঠেছে শহর। বিশেষ করে নিউটাউনের রাস্তা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সল্টলেক, নিউটাউন ছাড়াও আরও অন্যান্য জায়গা এবার আলো দিয়ে সাজানো হয়েছে। নিজস্ব চিত্র