


নিজস্ব প্রতিনিধি, লন্ডন: দেবীবরণ থেকে শুরু করে ঢাকের তালে নাচ। সঙ্গে উলু-শঙ্খধ্বনি ও দশমীর কোলাকুলি। এবারও নদীবক্ষে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মুহূর্ত অনুভব করতে পারবেন ব্রিটেনবাসী। সৌজন্যে হেরিটেজ বেঙ্গল গ্লোবালের ‘টেমস দুর্গা প্যারেড’। বোটের উপর বিসর্জনের আনন্দে মেতে উঠবেন প্রবাসী বাঙালিরা। সঙ্গে থাকবে আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। প্রতি বছর ব্রিটেনের ভিন্ন ভিন্ন পুজো থেকে দেবী প্রতিমা বোটে নিয়ে আসা হয়। দেবী দশভুজার সেই মৃন্ময়ী প্রতিমা ঘিরেই ছড়িয়ে পড়বে দশমীর আমেজ। কিছুক্ষণের জন্য টেমস হয়ে উঠবে গঙ্গা।
এবছর বোটে থাকবেন ২৫০ জন অতিথি। ৩১ অক্টোবর দুপুর ১টা নাগাদ রওনা দেবে বোট। লন্ডনের বিখ্যাত টাওয়ার ব্রিজের নীচ দিয়ে গিয়ে আবার ঘুরে আসবে। নদীর দু’ধারে থাকে মানুষ বাংলার এই ঐতিহ্যময় সংস্কৃতিকে চাক্ষুষ করতে পারবেন। গান, আচার-অনুষ্ঠানের মাধ্যমে নদীবক্ষে ছড়িয়ে পড়বে উৎসবের মেজাজ। জানা গিয়েছে, এবছরের বিশেষ আকর্ষণ সূর্য অস্ত গেলে বোটে গঙ্গা আরতি। অতীতে এই বিশেষ শোভাযাত্রার সঙ্গী থেকেছেন লন্ডন রোয়িং ক্লাবের সদস্যরা। এবারও তাঁরা থাকতে পারেন বলে জানা গিয়েছে। টেমস দুর্গা প্যারেডের আয়োজক অনির্বাণ মুখোপাধ্যায়ের কথায়, ‘এবার পঞ্চম বর্ষে পদার্পণ করবে এই বিশেষ উদ্যোগ। আমরা বাংলাকে বিশ্বের অন্যতম পর্যটনক্ষেত্র হিসাবে তুলে ধরতে চাই। দুর্গাপুজো এই প্রয়াশের অবিচ্ছেদ্য অংশ।’ এবারের কার্নিভালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে পারেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ডঃ শংকর ঘোষ। আগামী ৩ থেকে ৫ নভেম্বর লন্ডনে বসছে বার্ষিক ওয়ার্ল্ড ট্রাভেল মার্ (ডব্লুটিএম)। সব ঠিকঠাক থাকলে ডব্লুটিএমে পশ্চিমবঙ্গ সরকারের স্টলও থাকতে পারে। বিদেশ মন্ত্রকের গ্রিন সিগনাল পেলেই লন্ডন সফরে যাবেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী।