


সংবাদদাতা, শিলিগুড়ি: সারা বছর খেলার জন্য খুলে গেল শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামের দরজা। সোমবার বিকেলে শিলিগুড়ি পুরসভার টেবল টেনিস অ্যাকাডেমি উদ্বোধনের মধ্যদিয়েই দেশবন্ধু চিত্তরঞ্জন ইন্ডোর স্টেডিয়ামে সারা বছর খেলার আয়োজনের সূচনা হল। এদিন টেবল টেনিস অ্যাকাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, এই স্টেডিয়ামে এখন থেকে শুধু খেলা হবে। বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠানের জন্য ইন্ডোর স্টেডিয়াম ব্যবহার করা হবে না। টেবল টেনিসের শহর থেকে আবার জাতীয় চ্যাম্পিয়ন তৈরি হবে। এই আশাতেই আমরা টেবল টেনিসের উন্নয়নের জন্য উদ্যোগ নিয়েছি। এই অ্যাকাডেমি চালু হয়ে যাওয়ার পর এবার এখানে আধুনিক মাল্টিজিম বসানো হবে। আমাদের লক্ষ্য রয়েছে এক বছরের মধ্যেই এখানে সেন্টার ফর এক্সেলেন্সি তৈরি করা।
শিলিগুড়ি পুরসভা ধারাবাহিকভাবে খেলাধুলোর উন্নয়নের জন্য কাজ করে চলেছে। ফুটবল, দাবার পর এদিন চালু হল টেবল টেনিস অ্যাকাডেমি। পাশাপাশি গত দু’বছর ধরে আউটডোর ও ইন্ডোর গেমসের বিভিন্ন ইভেন্টের মেয়র কাপ প্রতিযোগিতা হচ্ছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, সপ্তাহে তিন দিন নতুন খেলোয়াড়দের তালিম দেওয়া হবে। বাকি চার দিন থাকবে র্যাঙ্কিং খেলোয়াড়দের প্র্যাকটিসের জন্য। স্থানীয় কৃতী কোচ অমিত দাম, মান্তু ঘোষ, সুব্রত রায় অসিতাভ দত্ত, কস্তুরী চক্রবর্তী, অমলেন্দু রাহা, বিরূপাক্ষ সাহার পাশাপাশি আরও অনেকে এখানে সপ্তাহে একদিন করে প্রশিক্ষণ দেবেন। নতুনদের কাছ থেকে মাসে ৩০০ টাকা এবং র্যাঙ্কিং খেলোয়াড়দের জন্য মাসে ৫০০ টাকা করে নেওয়া হবে।
জাতীয় টেবল টেনিস কোচ সুব্রত রায় বলেন, এখন প্রত্যেক জায়গাতেই ইন্ডোর স্টেডিয়ামে প্রতিযোগিতামূলক টেবল টেনিসের আসর হচ্ছে। সব রাজ্যেই ইন্ডোর স্টেডিয়ামে প্র্যাকটিস করার সুযোগ পান সেখানকার খেলোয়াড়রা। শিলিগুড়িতে এখনও ক্লাব ঘরে প্র্যাকটিস করতে হয়। এতে ইন্ডোর স্টেডিয়ামে প্রতিযোগিতায় খেলতে মানিয়ে নিতে সমস্যা হয়। দুর্বল প্রতিপক্ষের কাছেও হারতে হয়। পুরসভার উদ্যোগে এবার থেকে শিলিগুড়ির খেলোয়াড়রা ইন্ডোর স্টেডিয়ামে প্র্যাকটিসের সুযোগ পাবে। এতে এখানকার টেবল টেনিস আবার ঘুরে দাঁড়াবে বলে আমাদের আশা।