


নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কপালে বন্দুক ঠেকিয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে লুট করা হল নগদ দুই লক্ষ টাকা-সহ সোনার গয়না। শুধু তাই নয়, পালানোর সময় ব্যবসায়ীকে লক্ষ্য করে দুষ্কৃতীরা এক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। আজ, বুধবার রাতে ঘটনাটি ঘটে আশিঘর ফাঁড়ি এলাকায়। দুষ্কৃতীদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ। বিষয়টি নিয়ে শিলিগুড়ি শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
জানা গিয়েছে, ওই স্বর্ণ ব্যবসায়ীর নাম উত্তম কর্মকার। শান্তিনগরের বউবাজারে তাঁর দোকান। পাশেই রয়েছে তাঁর বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিনও রাত সাড়ে ১০ টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। আচমকাই রাস্তায় তাঁকে আটকায় দুই দুষ্কৃতী। কপালে বন্দুক ঠেকিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ টাকা এবং গহনা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে দুষ্কৃতীরা বাইকে চড়ে চম্পট দেয়। দুষ্কৃতীরা ইস্টার্ন বাইপাসের দিকে চলে যায় বলে জানা গিয়েছে। ব্যবসায়ীও একটি বাইকে করে অভিযুক্তদের পিছু নেয়। তখনই ব্যবসায়ীকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক অফিসার জানান, ঘটনাস্থল এবং আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ইস্টার্ন বাইপাস-সহ প্রতিটি হাইওয়েতে নজরদারিও বাড়ানো হয়েছে। পাশাপাশি থানাগুলিকেও সতর্ক করা হয়েছে।