


চেন্নাই, ২৭ অক্টোবর: গভীর রাতে জেলে তাণ্ডব! উধাও হয়ে গেল একসঙ্গে ১৭ জন অভিযুক্ত। তামিলনাড়ুর থেনি জেলার সাব-জেলের এই ঘটনায় থালাপতির সরকারের তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এর আগে তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলা থেকে বিপুল মাদক উদ্ধারের ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী টিভিকে-কে কটাক্ষ করে বলেন ‘ব্রেকিং ব্যাড পার্টি’। এরপরে জেল থেকে বন্দি পালানোর ঘটনাকে সরকারের গাফিলতি, বলেও তোপ দাগেন ডিএমকে প্রধান। তিনি বলেন, ‘তামিলনাড়ুতে শুরু হয়েছে প্রিজন ব্রেক। বর্তমান প্রশাসন এতটাই অযোগ্য যে, তারা কারাগারের ভেতর থেকেও বন্দিদের পালিয়ে যেতে দিচ্ছে!’ এর আগে চেন্নাইয়ের পুঝাল কারাগার থেকেও দুজন বন্দি পালিয়ে যাওয়ার কথাও তিনি এক্সের সেই পোস্টে উল্লেখ করেছেন। প্রশ্ন তুলেছেন সেই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে।
‘‘এই সরকার ‘গুড ফর নাথিং’’, বলেও তোপ প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তিনি দাবি করেন, ১৯৯৫ সালের পরে এটাই সবচেয়ে ভয়ঙ্কর জেল থেকে বন্দি পালানোর ঘটনা। যেখানে স্বরাষ্ট্র দপ্তর মুখ্যমন্ত্রীর হাতে, সেখানে এই ধরনের ঘটনা উদ্বেগজনক। তামিলনাড়ু এমন শোচনীয় অবস্থায় পৌঁছেছে যে, সাধারণ মানুষকে নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেদেরকেই নিতে হচ্ছে বলেও দাবি করছেন এম কে স্ট্যালিন।
জেলের সেল থেকে পালিয়ে যাওয়া ১৭ জন বন্দীর মধ্যে ৪ জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুই প্রধান কনস্টেবল-সহ জেলের নয়জন কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ড্রোনেও তল্লাশি চালানো হচ্ছে।
প্রসঙ্গত, সোমবার রাতে থেনি জেলার সাব-জেলের মধ্যে একটি সেলে ১৭ জন বন্দির মধ্যে এক বন্দি অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়েই জেলকর্মীরা তাঁকে দেখতে আসলে হামলা চালানোর অভিযোগ। এরপরেই জেল থেকে পালিয়ে যায় ওই ১৭ জন অভিযুক্ত।