


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এখন থেকে অবসর গ্রহণের দিনই সরকারি কর্মচারীদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের এনরোলমেন্ট সার্টিফিকেট ইস্যু করা হবে। বুধবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য অর্থদপ্তর। বাজেটে পেনশন প্রাপকদের জন্য বাড়তি সুবিধা ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের হেলথ স্কিমে ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা পেতেন তাঁরা। বাজেট ঘোষণা অনুযায়ী সরকারি প্যানেলভুক্ত হাসপাতালে চিকিৎসা খরচ ২ লক্ষ টাকা অতিক্রম করলে বাড়তি খরচের ৭৫ শতাংশ এবার থেকে ক্যাশলেস হবে। এই প্রেক্ষাপটে অবসরের দিনেই হেলথ স্কিমের এনরোলমেন্ট সার্টিফিকেট দিয়ে দেওয়ার সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই জানাচ্ছে প্রশাসনিক মহল।
এতদিন হেলথ স্কিমের অন্তর্ভুক্ত সরকারি কর্মীদের অবসরের পর পেনশনভোগী হিসাবে নতুন করে এনরোলমেন্ট সার্টিফিকেট নিতে হত। অনেক সময় এই সার্টিফিকেট পেতে দেরি হয়। এই সময়ে পেনশনভোগী বা তাঁদের উপর নির্ভরশীলরা চিকিৎসার সুবিধা পেতে সমস্যায় পড়তেন। এই পরিস্থিতি এড়াতেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, অবসর গ্রহণের দিনই সংশ্লিষ্ট কর্মচারীর নামে হেলথ স্কিমের এনরোলমেন্ট সার্টিফিকেট ইস্যু করা হবে। এর ফলে অবসরের পর স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাওয়ার ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না।
এই প্রক্রিয়া সহজ করতে পেনশন স্যাংশনিং অথরিটিকে অবসরের নির্ধারিত তারিখের অন্তত এক মাস আগে থেকেই সংশ্লিষ্ট কর্মচারীর এনরোলমেন্টের কাজ শুরু করতে হবে। কর্মচারী পেনশনের আবেদন জমা দেওয়ার সময় যে বিকল্পটি নির্বাচন করবেন, তার ভিত্তিতেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। এর জন্য হেলথ স্কিমের পোর্টালেও প্রয়োজনীয় পরিবর্তন করা হচ্ছে।