


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজনৈতিক হিংসার বলি হওয়া পরিবারগুলির পাশে দাঁড়াতে বড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। বিগত ২৫ বছরে নির্বাচন ও ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পে ইতিমধ্যেই আইন দপ্তরের অনুমোদন মিলেছে। পাশাপাশি, প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করার জন্য জেলা প্রশাসনগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে।
২০২১ সালের বিধানসভা নির্বাচন, ২০১৯ সালের লোকসভা নির্বাচন ছাড়াও গত ২৫ বছরের পঞ্চায়েত নির্বাচন ও ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবার এই সুবিধার আওতায় আসতে পারে। এমনটাও জানানো হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, বিষয়টি ইতিমধ্যেই মন্ত্রিসভার আলোচনায় উঠে এসেছে। শীঘ্রই এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। পাশাপাশি, যোগ্য পরিবারের সদস্যদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞাপনও দেওয়া হবে।
জানা যাচ্ছে, আগ্রহী পরিবারগুলিকে সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর কারণ এবং ঘটনার পরিস্থিতি সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র-সহ জেলা প্রশাসনের মাধ্যমে আবেদন করতে হবে। এরপর জমা পড়া নথি খতিয়ে দেখবে প্রশাসন। যাচাই প্রক্রিয়া শেষে যোগ্য পরিবারগুলির একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার।