


সালেম, ১৬ অক্টোবর: মর্মান্তিক ঘটনা! ফের আমেরিকার স্কুলে এলোপাথাড়ি গুলি। মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি প্রাথমিক স্কুলে বন্দুকবাজের হামলায় মৃত্যু হল অন্তত তিন পড়ুয়া ও এক শিক্ষকের। পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত ১৬ বছরের এক কিশোরেরও মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটার সময় স্কুলটিতে প্রায় ৪০০ থেকে ৪৫০ জন পড়ুয়া ছিল। প্রথমে একটি গাড়িতে গুলি চালানোর শব্দ শোনা যায়। এরপর তা শুনে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৬ বছরের ওই অভিযুক্ত স্থানীয় এলাকারই বাসিন্দা। ঘটনাটির দিন বিদ্যালয়ে প্রবেশ করার সময় এক স্থানীয় বাসিন্দা তাকে দেখতে পান। বিপদ আঁচ করতে পেরে ওই ব্যক্তি বন্দুকধারীর পিছু পিছু স্কুলের ভেতরে ঢুকে পড়েন। পরে ওই ব্যক্তির গুলিতেই অভিযুক্তের মৃত্যু হয়। ঘটনাটির পর স্কুলে লকডাউন জারি করা হয়েছে। পরে পুলিশি নিরাপত্তায় বাসে করে পড়ুয়াদের অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া হয় তাঁদের। সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন অভিভাবকেরা। এই ঘটনায় মৃত তিন পড়ুয়ার বয়স ৫, ৮ এবং ১১ বছর। ঘটনায় শোকপ্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ। বেন্ডলা পাইন স্কুল জেলার সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, এই ঘটনায় তাঁরা শোকাহত। ঘটনার জেরে আজ শুক্রবার জেলার সমস্ত স্কুলে পঠনপাঠন, বিভিন্ন কার্যক্রম এবং ক্রীড়া অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পাশাপাশি এই ঘটনার পর আমেরিকায় বন্দুকহিংসা ও স্কুলপড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।