


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথমবারের জন্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র গ্রুপ পর্বের যোগ্যতা অর্জন করেছে ইস্ট বেঙ্গল। বাছাই পর্বে ঘরের মাঠে কুয়েতের ক্লাব আল আরবি’কে ৪-১ গোলে হারিয়ে মূলপর্বের টিকিট নিশ্চিত করে হাবাস ব্রিগেড। মঙ্গলবার কুয়ালালামপুরে আয়োজিত হল ড্র। যেখানে বেশ কঠিন গ্রুপেই জায়গা পেয়েছে ইস্ট বেঙ্গল। গ্রুপ ডি’তে তাদের প্রতিপক্ষ জর্ডনের আল হুসেইন, ইরাকের আল শোর্তা এবং ওমানের আল সিব। ফিফা র্যাঙ্কিংয়ের নিরিখে প্রতিটি দেশই ভারতের তুলনায় অনেকটাই এগিয়ে।
জর্ডনের আল হুসেইন দলে রয়েছে সদ্য বিশ্বকাপে খেলা সাত ফুটবলার। এছাড়া আছেন চার বিদেশি। এই ক্লাবের জার্সিতেই একদা খেলেছিলেন লাল-হলুদের প্রাক্তন ডিফেন্ডার হিজাজি মাহের। ইস্ট বেঙ্গলের জন্য লড়াইটা মোটেই সহজ হবে না। পাশাপাশি আল শোর্তা ইকার স্টার লিগের গতবারের রানার্স-আপ। স্কোয়াডে রয়েছে সাতজন জাতীয় দলের ফুটবলার। তারউপর গ্রুপ পর্বে অ্যাওয়ে ম্যাচ খেলতে দীর্ঘ বিমানযাত্রার ধকলও সইতে হবে লাল-হলুদ ফুটবলারদের।