


সংবাদদাতা, হলদিয়া: হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছিলেন হলদিয়ার পুরসভার প্রশাসক। তার কয়েক ঘণ্টার মধ্যেই অসহায় বৃদ্ধার জলের লাইন জুড়ে দিলেন পুরকর্মীরা। হলদিয়ার দুর্গাচক সংলগ্ন ৪নম্বর ওয়ার্ডে পানা এলাকায় জায়গা নিয়ে ঝামেলার জেরে ওই বৃদ্ধার জলের পাইপলাইন কেটে দিয়েছিলেন প্রতিবেশী। মা ও মেয়ে দু’জনের সংসার। জলের লাইন কেটে দেওয়ায় বিপাকে পড়েন তাঁরা। পাঁচদিন ধরে কার্যত নির্জলা অবস্থায় কাটাতে হয় দুই মহিলাকে। শেষে মহকুমা শাসক তথা পুর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়ের নির্দেশে তড়িঘড়ি ব্যবস্থা নেয় পুরসভার জল দপ্তর। পুর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন বৃদ্ধার মেয়ে শ্রাবন্তী নস্কর। তিনি বলেন, জলের লাইন কেটে দেওয়ার বিষয়টি জানার পরই উনি সমাধানের উদ্যোগ নেন। এত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে ভাবতেই পারিনি। এজন্য পুরপ্রশাসক ও পুরসভার টিম দারুণ সহযোগিতা করেছে।
জানা গিয়েছে, বছর দশেক আগে পুরসভা ওই বৃদ্ধার নামে জলের লাইন সংযোগ দিয়েছিল। কিছুদিন আগে জলের পাইপলাইন নিয়ে ওই বৃদ্ধার সঙ্গে তাঁর প্রতিবেশীর ঝামেলা বাধে। বৃদ্ধার জলের লাইনটি একসময় প্রতিবেশীর জায়গার উপর দিয়ে টানা হয়েছিল। ওই লাইন সরানোর জন্য বৃদ্ধার প্রতিবেশী পুরসভার দ্বারস্থ হয়। পুরকর্তৃপক্ষ দু’পক্ষকে ডেকে শুনানি করবে বলে জানায়। তার আগেই বৃদ্ধার জলের লাইন কেটে দেন তাঁর প্রতিবেশী। বৃদ্ধা ও তাঁর মেয়ে দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু কোনও সমাধান না হওয়ায় পুর প্রশাসককে সরাসরি মেসেজ করেন বৃদ্ধা। পুর প্রশাসক বলেন, বৃদ্ধার পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি। পুরসভা এখন টিম হিসেবে কাজ করছে। বাসিন্দাদের দ্রুত এবং সময়মতো পরিষেবা দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে।