


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুলতুবি হয়ে গেল আট জেএমবি জঙ্গির বিরুদ্ধে মামলার শুনানি। বৃহস্পতিবার কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায়ের এজলাসে ছিল এই মামলার শুনানি। নির্দিষ্ট সময়ে হাজির করানো হয়েছিল অভিযুক্তদের। আদালতে হাজির ছিলেন মামলার অন্যতম একজন সাক্ষী। কিন্তু বিচারক এআইআরের (ভোটার তালিকা নিবিড় সংশোধন) কাজে যুক্ত থাকার জন্য মামলার শুনানি মুলতুবি হয়ে যায়। সরকারি আইনজীবীকে প্রশ্ন করা হয়, তাহলে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি কি কোনো ভারপ্রাপ্ত বিচারকের এজলাসে হবে? উত্তরে তিনি জানান, ‘আগামী ১ এপ্রিল মামলাটি শুনানির জন্য আদালতে উঠবে। তখনই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তার আগে কিছু বলা সম্ভব নয়।’ আদালত সূত্রে জানা গিয়েছে, কলকাতায় নাশকতা ঘটানোর চেষ্টার মামলায় কলকাতা পুলিশের এসটিএফ ২০২০ সালে মোট ২১ জন জেএমবি জঙ্গিকে পাকড়াও করে। তারমধ্যে ১৩ জন ইতিমধ্যে দোষ কবুল করে সাজাপ্রাপ্ত হয়েছে। বাকি আটজন দোষ স্বীকার না করায় তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার বিচার প্রক্রিয়ার দিন ধার্য ছিল।