


নিজস্ব প্রতিনিধি, আসানসোল: টানা প্রবল বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত আসানসোল ও সংলগ্ন এলাকা। একই পরিস্থিতি নিয়ামতপুরেও। গতকাল দিনভর ভারী বৃষ্টির জেরে নিয়ামতপুর-এথোড়া রোডের জহরগড় ব্রিজের উপর দিয়ে বইছে জল। প্রবল স্রোতের ধাক্কায় ব্রিজের একটি অংশ ভেঙে যাওয়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে।
জানা গিয়েছে, গতকাল রাতে ওই ব্রিজ দিয়ে পারাপারের সময় জলের তীব্র স্রোতে একটি চারচাকা গাড়ি ভেসে যায়। খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে। তবে ওই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এরপর আজ ফের বিপত্তি। প্রবল স্রোতের মধ্যেই স্কুটি নিয়ে জহরগড় ব্রিজ পার হওয়ার চেষ্টা করেন দুই ব্যক্তি। আচমকাই জলের তোড়ে তাঁরা ভেসে যান। তাঁদের মধ্যে একজন কোনওরকমে নদীর ধারে থাকা একটি গাছ আঁকড়ে ধরে প্রাণে বেঁচে যান। তবে অপর ব্যক্তি স্কুটি-সহ প্রবল স্রোতে তলিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে তল্লাশি শুরু হয়েছে। প্রবল স্রোত ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই চলছে উদ্ধার ও অনুসন্ধান অভিযান। এদিকে, জলের তোড়ে জহরগড় ব্রিজের একটি অংশ ভেঙে যাওয়ায় সেখানে পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে ওই ব্রিজ দিয়ে পারাপার না করার জন্য সতর্ক করা হচ্ছে। টানা বৃষ্টির জেরে নদীর জলস্তর ও স্রোত আরও বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।