


২৯ জুলাই, রাঁচি: পুণ্যলাভের আশায় এসে মৃত্যু ১৮ পুণ্যার্থীর! ঝাড়খণ্ডের দেওঘরে বাস ও লরির ভয়াবহ সংঘর্ষের জেরে এই দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালের এই দুর্ঘটনায় ১৮ জন যাত্রীর মৃত্যুর পাশাপাশি জখম হয়েছেন আরও ২০ জন পুণ্যার্থী।
পুলিসের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ৫ টা নাগাদ দেওঘরের গোড্ডা-দেওঘর রোডের মোহনপুর থানা এলাকার জামুনিয়া মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে প্রায় ৩৫ জন জন যাত্রী শিবের মাথায় জল ঢালার জন্য যাচ্ছিলেন। কিন্তু জামুনিয়া মোড়ের কাছে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই লরির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিস বাহিনী। স্থানীয়দের সহায়তায় আহত যাত্রীদের বার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে মোহনপুর সিএইচসিতে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে দাবি, দুর্ঘটনার তীব্রতা এতটাই তীব্র ছিল যে, বাসটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। স্থানীয় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি, দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। আহতদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি, নিহতদের পরিবারের উদ্দেশে সমবেদনাও জানান মুখ্যমন্ত্রী।