


সংবাদদাতা, সিউড়ি: দীপাবলির মূল আকর্ষণ মাটির প্রদীপের স্নিগ্ধ আলো, যা এই উৎসবের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যবহন করে। তবে সময়ের সঙ্গে পা মিলিয়ে ও প্রযুক্তির অগ্রগতির কারণে দীপাবলির আলোকসজ্জায় এসেছে বড় পরিবর্তন। আজকের দিনে উৎসবের সাজে বৈদ্যুতিক আলো অপরিহার্য। এলইডি প্রযুক্তির আসার পর থেকেইএই আলোর চাহিদা বহুগুণ বেড়ে গিয়েছে। সেকারণেই প্রতিবছরের মতো এবারও দীপাবলির আগে ঘর সাজানোর জন্য সিউড়ির বাজারে হটকেক এলইডি লাইট। এছাড়াও হরেক ডিজাইনের বৈদ্যুতিক আলো কিনতেওভিড় জমাচ্ছেন ক্রেতারা। বিক্রেতাদের থেকে জানা গিয়েছে, এবছর ক্রেতাদের আগ্রহের কেন্দ্রেই রয়েছে এলইডি লাইট। যা সহজে বাড়ির বাইরে ও ভেতরেআলোর বন্য বইয়ে দিতে পারে। এছাড়া, আরজিবি স্টিক ও রোপ লাইটের চাহিদাও ব্যাপক। কারণ ফ্ল্যাট বা বাড়ির ব্যালকনিকে বৈচিত্র্যময় রঙে আলোকিত করার জন্য ব্যপক বিক্রি হচ্ছে এসব এলইডি।
অন্যদিকে, কার্টেন বা ঝরনা লাইটগুলি দেওয়াল ও জানালার পর্দাকে নতুন মাত্রা দেওয়ায় তরুণ প্রজন্মের মধ্যে এগুলি বিশেষভাবে জনপ্রিয়। এছাড়া, গত কয়েক বছর ধরে জনপ্রিয়তা পেয়েছে ৮ এমএম চেন। আধুনিক আলোগুলি বিদ্যুতের খরচ কমায়। এগুলি পরিবেশ-বান্ধব। তেমনই আবার সহজে বহনযোগ্য হওয়ায় ক্রেতাদের মধ্যে এদের চাহিদা অনেক বেড়ে গিয়েছে। বিক্রেতাদের থেকে জানা গিয়েছে, আরজিবি স্টিক ১০ পিসের দাম ২০০ থেকে ২৩০ টাকা। রোপ লাইট তার মানের উপর নির্ভর করে ৩০ থেকে ৬০ টাকা মিটার বিক্রি হচ্ছে। এছাড়া, ৮ এমএম এলইডি আলোর চেন ৫০ থেকে ৭০ টাকা হিসাবে ও কার্টেন লাইট ৩৫০ থেকে ৪০০ টাকা পিস হিসাবে বিকোচ্ছে। বিক্রেতারা জানান, ৮ এমএম এলইডি-র উজ্জ্বলতার পরিমাণ আগের এলইডি কিম্বা টুনি লাইটের চেয়েও বেশি।