


নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: এবার তোলাবাজির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হল তৃণমূলের ব্লক সভাপতি। গোঘাট-২ ব্লক তৃণমূলের সদ্য বিদায়ী সভাপতি সৌমেন দিগারকে বুধবার রাতে গোঘাট থানার পুলিশ গ্রেপ্তার করে। এছাড়া তোলাবাজি, বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগে বৃহস্পতিবার ভোরে কলকাতা থেকে তৃণমূল উপপ্রধান আজিম মল্লিককে গ্রেপ্তার করেছে পুরশুড়া থানার পুলিশ। উপপ্রধানকে থানা থেকে এদিন আদালতে নিয়ে যাওয়ার সময় ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। ধৃত দু’জনকেই বৃহস্পতিবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক সৌমেনকে পাঁচ দিনের এবং উপপ্রধানকে আট দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। ধৃতরা তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, ধৃতদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া জেলার কোতুলপুর থানার হলদি এলাকার বাসিন্দা মলয় মণ্ডল তৃণমূলের বিদায়ী ব্লক সভাপতি সৌমেন ও কামারপুকুর পঞ্চায়েতের প্রধান তৃণমূলের রাজদীপ দে-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গত ২০ মে তিনি গোঘাট থানায় লিখিত অভিযোগ জানান। তাঁর অভিযোগ, টেন্ডার পাওয়ার জন্য সৌমেনের কথা মতো তিনি প্রধানকে পাঁচ লক্ষ টাকা দিয়েছিলেন। পরে টাকা ফেরত চাইলে ঘোরাতে থাকেন। এমনকি, টাকা ফেরত চাইতে গেলে মারধরও করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মামলায় কামারপুকুরের প্রধানও অভিযুক্ত রয়েছে। তবে আগেই তাঁকে গোঘাট থানার পুলিশ গ্রেপ্তার করেছে। এদিন আদালতে যাওয়ার সময় সৌমেন সংবাদমাধ্যমকে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।