


হায়দরাবাদ: ঘরের মাঠে খেলেও প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে বিধ্বস্ত হয়েছিল লখনউ সুপার জায়ান্টস। আসলে গত কয়েক মরশুম মোটেই ভালো যাচ্ছে না তাদের। এবারও ভালো হয়নি শুরুটা। রবিবার বিকেলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের দরজা খুলতে মরিয়া লখনউ। তবে কাজটা সহজ হবে না ঋষভ পন্থদের। সদ্য কলকাতা নাইট রাইডার্সকে দাপটে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ঈশান কিষানের সানরাইজার্স।
পন্থ কোন পজিশনে ব্যাট করবেন, তা নিয়ে জল্পনা চলছে লখনউ শিবিরে। দিল্লির বিরুদ্ধে ওপেন করতে নেমে দুর্ভাগ্যজনক রান-আউট হন তিনি। তাহলে কি এই ম্যাচে একধাপ পিছিয়ে তিনে নামবেন পন্থ? চর্চা চলছে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার টি-২০ ক্যাপ্টেন মিচেল মার্শ ও দক্ষিণ আফ্রিকার টি-২০ ক্যাপ্টেন আইডেন মার্করাম ওপেন করবেন। ক্যারিবিয়ান ডিনামাইট নিকোলাস পুরানও আছেন স্কোয়াডে। কিন্তু দিল্লির বিরুদ্ধে মার্শ ও আব্দুল সামাদ ছাড়া কেউ ব্যাট হাতে ভরসা দিতে পারেননি। আয়ূষ বাদোনি, মুকুল চৌধুরির মতো ভারতীয় ব্যাটারদের উপর প্রত্যাশা যদিও অনেক বেশি। তুলনায় লখনউয়ের বোলিং সমীহজাগানো। মহম্মদ সামিকে ছন্দে দেখা গিয়েছিল দিল্লির বিরুদ্ধে। প্রোটিয়া পেসার অ্যানরিখ নর্তজে ছাড়াও আছেন দুই ভারতীয় মহসিন খান ও প্রিন্স যাদব। স্পিডস্টার মায়াঙ্ক যাদব প্রথম ম্যাচে খেলেননি। তিনি দলে এলে প্রিন্স সম্ভবত বসবেন। স্পিনার দিগবেশ রাঠির খেলা অবশ্য নিশ্চিত। বোলিং কোচ ভরত অরুণ জানিয়েও দিয়েছেন তা।
এদিকে, ঘরের মাঠ উপ্পলে নামার আগে সানরাইজার্স শিবির রয়েছে ফুরফুরে মেজাজে। ট্রাভিস হেডের পাশাপাশি নাইটদের বিরুদ্ধে রান পেয়েছেন অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন, নীতীশ রেড্ডিরা। আবার ক্যাপ্টেন ঈশান প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে করেছিলেন ৮০। তবে হায়দরাবাদের বোলিং বেশ দুর্বল। কামিন্সের অনুপস্থিতিতে পেস আক্রমণ নির্ভর করছে ডেভিড পাইন, জয়দেব উনাদকাট, ইশান মালিঙ্গা, নীতীশদের উপরে। ব্রাইডন কার্স যদি ফিট হতে পারেন, তবে তিনি দলে আসবেন। স্পিনার হিসেবে আছেন হর্ষ দুবে ও শিবাঙ্গ কুমার। তবে বাঁ-হাতি রিস্টস্পিনার শিবাঙ্গের পরিবর্তে পেসার হার্শল প্যাটেলও আসতে পারেন দলে।