


কানসাস সিটি: তিনি আর্জেন্তিনার স্বপ্নের সওদাগর। তাঁর জন্য মাঠে জীবন বাজি রাখতেও প্রস্তুত দলের বাকি ফুটবলাররা। অথচ বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগেই হ্যামস্ট্রিংয়ের পুরানো চোট মাথা চাড়া দিতেই কপালে চিন্তার ভাঁজ আলবিসেলেস্তেদের। কাপযুদ্ধের লড়াইয়ে শুরু থেকে মাঠে নামতে পারবেন তো লায়োনেল মেসি? বিশ্বকাপের আগে সেটাই ছিল লাখ টাকার প্রশ্ন। মার্কিন মুলুকে পা রাখার পরেও সেই ধোঁয়াশা পুরোপুরি কাটেনি। তবে বুধবার প্রস্তুতি ম্যাচে দ্বিতীয়ার্ধে লিও মাঠে নামতেই স্বস্তির শ্বাস ভুবন জোড়া নীল-সাদা অনুরাগীদের। মেসি নিজেও যেন হাফ ছেড়ে বাঁচলেন। ম্যাচ শেষে সেই কথাই ধরা পড়ল তাঁর গলাতে।
আইসল্যান্ড ম্যাচ শেষে মিক্সড জোনে দাঁড়িয়ে মেসি বললেন, ‘যে কোনো ক্রীড়াবিদের কাছে চোট সবচেয়ে বড় দুঃস্বপ্ন। বিশ্বকাপের আগে এভাবে বাইরে থাকাটা সহজ ছিল না। মাঠে ফিরতে ছটফট করছিলাম। তবে তাড়াহুড়ো করতে চাইনি। লক্ষ্য ছিল, পুরো সুস্থ হয়েই মাঠে নামা। বিশ্বকাপের অভিযান শুরুর আগে কিছুটা সময় হলেও মাঠে নামতে চেয়েছিলাম। যাবতীয় জড়তা কাটিয়ে আবারও দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। এবার টুর্নামেন্টেও এই ছন্দ বজায় রাখতে হবে।’
গত পাঁচবারের তুলনায় এবার পুরোপুরি ভিন্ন পরিস্থিতিতে বিশ্বকাপে খেলতে নামছেন মেসি। অতীতে কাপ জয়ের পাহাড় প্রমাণ চাপ থাকত তাঁর উপর। ব্যর্থ হলেই তিরের মতো বিঁধতেন সমালোচকরা। তবে কাতারে অধরা মাধুরী লাভের ফলে এবার অনেক বেশি চাপমুক্ত। মেসি অবশ্য মার্কিন মুলুকেও ট্রফি জয়কে পাখির চোখ করছেন। বললেন, ‘খেতাব জয়ের চেয়েও কঠিন তা ধরে রাখা। প্রতিটি ফুটবলার সেটা মাথায় রেখে খেলতে নামবে। আমাদের সামনে সুযোগ রয়েছে আবারও দেশবাসীর মুখে হাসি ফোটানো। সেই প্রচেষ্টায় কোনও খামতি রাখব না।’
১৬ জুন আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্তিনা। তবে চোট সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ইতিমধ্যেই চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন বেলার্দি। এবার নতুন করে চিন্তা বাড়ালেন নিকোলাস টাগলিয়াফিকো। পেশির চোটে জর্জরিত এই লেফট উইং-ব্যাক। আপাতত আলাদাই প্রস্তুতি সারছেন তিনি। ফলে আলজেরিয়ার বিরুদ্ধে তাঁকে পাওয়া যাবে না।
এদিকে, বিশ্বকাপে খেলতে নামার আগে হঠাৎই আয়োজকদের উপর ক্ষুব্ধ আর্জেন্তিনা শিবির। আইসল্যান্ড ম্যাচে ফুটবলারদের তালিকার সঙ্গেই বিস্ময়করভাবে ফাঁস হয়ে গেল তাঁদের পাসপোর্টের তথ্য। স্টেডিয়ামে উপস্থিত সাংবাদিক সহ দর্শকদের কাছে পৌঁছে যায় সেই নথি, যা নিয়ে রীতিমতো বিরক্ত নীল-সাদা শিবির।