


মেক্সিকো- ২ : দক্ষিণ আফ্রিকা- ০
মেক্সিকো সিটি: ঘরের মাঠে জয় দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করল মেক্সিকো। বৃহস্পতিবার অ্যাজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারাল টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ। ‘এ’ গ্রুপের ম্যাচে জুলিয়ান কুইনোনেস ও রাউল গিমেনেজের গোলে মূল্যবান তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল কোচ জেভিয়ার আগিরের দল। অন্যদিকে, জোড়া লালকার্ড দুঃস্বপ্নময় হয়ে উঠল প্রোটিয়া ব্রিগেডের সূচনা।
প্রোটিয়াদের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিলেন গিমেনেজরা। হাইপ্রেসিং ফুটবলে প্রতিপক্ষ ডিফেন্সকে নাস্তানাবুদ করে দেয় মেক্সিকো। ম্যাচের নবম মিনিটে কুইনোনেসের গোলে লিডও পেয়ে যায় তারা। এক্ষেত্রে অবশ্য প্রতিপক্ষ গোলকিপারের ভুল পাস সহজ করে দেয় হোমটিমের কাজ। প্রথমার্ধে আরও অন্তত তিনটি সহজ সুযোগ নষ্ট করে মেক্সিকানরা। ৪৯ মিনিটে দুরন্ত সোলো রানে বিপজ্জনক জায়গায় পৌঁছে যাওয়া রাউল গিমেনেজকে আটকাতে গিয়ে লালকার্ড দেখে মাঠ ছাড়েন ইয়াইয়া সিথোলে। ফলে রীতিমতো কঠিন হয়ে দাঁড়ায় হুগো ব্রুসের ছেলেদের ঘুরে দাঁড়ানোর লড়াই। সুযোগের সদ্ব্যবহারে ভুল হয়নি মেক্সিকোর। ৬৭ মিনিটে রবার্তো আলভারাদোর ক্রসে মাথা ছুঁইয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন দলের সেরা তারকা গিমেনেজ। প্রোটিয়াদের দূরাবস্থার এখানেই শেষ নয়। ৮৩ মিনিটে দলের দ্বিতীয় লাল কার্ড দেখেন থেম্বা জাওয়ানে। আশ্চর্যের বিষয় হল, মেক্সিকোর জয় কার্যত নিশ্চিত হয়ে যাওয়া সত্ত্বেও সংযোজিত সময়ে অহেতুক ঝুঁকি নিয়ে ট্যাকল করতে গিয়ে লালকার্ড দেখলেন সিজার মন্টেস।