


বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: আইআইটি গুয়াহাটি ক্যাম্পাসের একটি বহুতল ভবন থেকে পড়ে মৃত্যু হল এক ছাত্রের। তৃতীয় বর্ষের বি-টেক পড়ুয়া ঋতেশ রাজ সিংয়ের বাড়ি ওড়িশায়। জানা গিয়েছে, গত রবিবার দুপুর আড়াইটে নাগাদ এই ঘটনাটি ঘটে। তার পরেই তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। শুরু হয়েছে তদন্ত। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে আত্মহত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে ঠিক কী পরিস্থিতিতে এই মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
সহপাঠীদের মতে, ঋতেশ অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। সম্প্রতি আমেরিকার এক বহুজাতিক সংস্থায় ইন্টার্নশিপের সুযোগও পেয়েছিলেন তিনি। আইআইটি গুয়াহাটির ডিরেক্টর প্রফেসর দেবেন্দ্র জলিহাল এক বার্তায় গভীর শোক প্রকাশ করে বলেন, ‘ঋতেশ রাজ সিংয়ের অকাল প্রয়াণ আমাদের আইআইটি পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। এই কঠিন সময়ে তাঁর পরিবারের সঙ্গে প্রতিষ্ঠানের তরফে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।’