


নয়াদিল্লি, ৫ নভেম্বর: ফের দিল্লিতে ভেঙে পড়ল বাড়ি। তিনতলা নির্মীয়মাণ বাড়ি ভেঙে ২ জনের মৃত্যুর খবর সামনে আসছে। পুরানো দিল্লির চাওড়ি বাজার এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন অনেকেই। যে ছবি কলকাতার তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভাঙার স্মৃতিকে উসকে দিচ্ছে। ঘটনাস্থলে দমকল-সহ পুলিশ আধিকারিকরা উপস্থিত হয়েছেন। চলছে উদ্ধারকাজ।
বৃহস্পতিবার সকাল প্রায় ৯টা ৫০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর, তিনতলা ওই বাড়িটির নির্মাণের কাজ চলছিল। এরপরেই মুহূর্তের মধ্যে তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে এগিয়ে আসেন। এখনও পর্যন্ত উদ্ধারকাজে দমকলের মোট ৬টি ইউনিট সেখানে এসেছে, বলেই সূত্রের খবর।
দীপাবলির আগে চাঁদনি চক কিংবা চাওড়ি বাজার এলাকায় ভিড় বাড়ে কেনাকাটার জন্য। সেখানে এই ধরনের বিপর্যয়ের ঘটনায় উদ্বেগে ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতারা। এর আগে দিল্লির সত্য নিকেতনে একটি মেসবাড়ি ভেঙে পড়ে। একাধিক পড়ুয়ার মৃত্য়ু হয়। এছাড়াও এর আগে দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনাও ঘটেছে। মৃত্য়ুও হয়েছে। সেখানে দাঁড়িয়ে আরও একবার এই বাড়ি ভাঙার ঘটনায় ক্ষুব্ধ এলাকার স্থানীয় বাসিন্দারা। নিরপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন।