


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পরিবহণ দপ্তরের দায়িত্ব পেয়েছেন মন্ত্রী অর্জুন সিং। তাঁর কথায়, পরিবহণ হল খুবই চ্যালেঞ্জিং দপ্তর। এখানে কাজের অনেক সুযোগ আছে। তবে রাস্তা থেকে সরকারি বাস কেন উধাও হয়ে গিয়েছে, তা খতিয়ে দেখা হবে। মুখ্যমন্ত্রী চান, মহিলারা নিখরচে সরকারি বাসে ভ্রমণ করুন। তার জন্য একটি ‘মেকানিজম’ তৈরি করতে হবে। অনেক জায়গায় সরকারি বাসের রুট উঠে গিয়েছে। কোথাও আবার কমেছে বাসের সংখ্যা। এই দিকটিও দেখতে হবে। অফিসারদের সঙ্গে কথা বলব। যাতে মহিলারা আরও বেশি সংখ্যায় সরকারি বাসে যাতায়াত করতে পারেন। বিভিন্ন বেসরকারি রুট, পরিবহণ মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করব।
নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিংকে পরিবহণ ও শ্রমদপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বভার গ্রহণের পর তিনি বলেন, তৃণমূল সরকারের আমলে পরিবহণ শিল্প একেবারে ভেঙে পড়েছিল। আমি বহু জায়গায় দেখেছি, বাসস্ট্যান্ডে বাস থাকলেও রাস্তায় নেই। অনেক সরকারি জমিতে আবাসন হয়ে গিয়েছে। মানুষ যাতে রাস্তায় বেরলে বাস পান, তা দেখা হবে। বাম আমলে সুভাষ চক্রবর্তী যখন পরিবহণ মন্ত্রী ছিলেন, আমি তখন একটা প্রশ্ন করেছিলাম। আজ নিজে পরিবহণ মন্ত্রী হয়ে সেই প্রশ্নের উত্তর খুঁজব। চেষ্টা করব সর্বত্র বাস পৌঁছে দিতে।
শ্রমদপ্তর সম্পর্কে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে এই বিষয়ের উপর কাজ করছি। জুট শিল্পের সমস্যার কথা আমার জানা। বারাকপুর শিল্পাঞ্চল আমার রাজনীতির ভিত্তি। জুট এবং চা শিল্পের সমস্যা নিয়ে আলোচনায় বসব। এখন ডবল ইঞ্জিনের সরকার, আশা করছি তার সুফল আমরা পাব। দু’টিই বড়ো দপ্তর, কাজ করার অনেক সুযোগ আছে। নিষ্ঠার সঙ্গে কাজ করব। এদিন তাঁর বিধানসভা কেন্দ্র নোয়াপাড়া, ভাটপাড়া এবং জগদ্দলে বিজেপি কর্মীরা বাজি ফাটিয়ে অর্জুন সিংয়ের নামে জয়ধ্বনি দেন। আনন্দে মেতে ওঠেন অর্জুনের অনুগামীরা।